Home জাতীয় কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে: প্রধানমন্ত্রী

কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে: প্রধানমন্ত্রী

10

 

ঢাকা অফিস।।

আমলাতান্ত্রিক জটিলতার ‘লাল ফিতা’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য যেনো আর না থাকে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪র্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো (ব্লিস)-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রচলিত লাল ফিতা ধারণার অবসান হলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে। দেশ আরও উন্নত হবে। আমাদের একটা মানসিকতা আছে যে, আমলাতান্ত্রিক জটিলতা; ভাবে যে আরেকটু টাইট দিতে পারলে বোধহয় সব ভালো হবে। সব সময় সেটা ভালো হয় না।’

তিনি বলেন, ‘দ্রুত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন নীতিতে আমি বিশ্বাস করি। আমি চাই কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য যেন আর না থাকে। সময় নষ্ট করার মতো সময় নেই। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।’

 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকেও আমি বলবো, একটু আন্তরিক হলেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা যেতে পারে। কারণ, নষ্ট করার মত সময় নেই, টাইম ইজ টু শর্ট। সেটা যেমন মাথায় রাখতে হবে তেমনি দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় দেশের চামড়া শিল্পকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী কার্যালেয়র অধীনে ‘চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ’ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জোনাথন ববেট এবং গোল্ডেন চ্যাং গ্রুপের বিনিয়োগকারী ও প্রতিষ্ঠাতা জেমস হো।

স্বাগত বক্তব্য রাখেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

বাণিজ্য মন্ত্রণালয় এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) যৌথভাবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনসন সিটি বসুন্ধরায় ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে। ব্লিস এর শেষ তিনটি সংস্করণ ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।