Home Uncategorized গভীর রাতে বাসার দরজা ভেঙে এ্যানিকে গ্রেফতার: আদালতে প্রেরণ

গভীর রাতে বাসার দরজা ভেঙে এ্যানিকে গ্রেফতার: আদালতে প্রেরণ

56

ঢাকা অফিস।।
বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে আটক করেছে পুলিশ।

আটক হওয়ার আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তার পরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গভীর রাতে ধানমন্ডির বাসার দরজা ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে যায়। ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ।

ধানমন্ডি থানায় নিয়ে গেলে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছুটে যান।

 

সবশেষ:  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়। ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এ্যানির নামে দুটি মামলার ওয়ারেন্ট ছিল। এ ছাড়াও একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যায় পুলিশ।