Home জাতীয় মার্কিন দলের সঙ্গে বৈঠক: রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চান গণমাধ্যম প্রতিনিধিরা

মার্কিন দলের সঙ্গে বৈঠক: রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চান গণমাধ্যম প্রতিনিধিরা

57

ঢাকা অফিস
জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার তাগিদ দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তারা বলেছেন, নির্বাচন নিয়ে দু’পক্ষের অবস্থান আলাদা। এ সমস্যার সমাধান করতে হলে দু’পক্ষকেই আলোচনায় বসতে হবে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তারা এ মতামত তুলে ধরেন। দেশের গণমাধ্যম প্রতিনিধি দলের পক্ষে ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন ঢাকা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহান, বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। অন্যদিকে মার্কিন পর্যবেক্ষক দলে ছিলেন রিক ইনডারফার্ত, মারিয়া চিন আবদুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেস সাক্স স্পাইকারম্যান, আকাশ কুল্লুরি, বোনি গ্লিক, জামিল জাফের, জো কাও প্রমুখ।

বৈঠক শেষে সাংবাদিকদের জাফর সোবহান বলেন, মার্কিন প্রতিনিধিরা কিছু জানতে চাননি। তবে তারা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চান, এটি বলেছেন। সুষ্ঠু নির্বাচন চান– সেটা কীভাবে হতে পারে, সে জন্য রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তারা বসেছেন বলে জানিয়েছেন।

মিডিয়ার সঙ্গেও কিছু কথা বলতে চেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের ধারণা জানতে চেয়েছেন। আমরা বলেছি, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবাই স্বাধীনতা চাচ্ছি ভালোভাবে রিপোর্ট প্রকাশের।’ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশে কোনো বাধার কথা বলেছেন কিনা– এমন প্রশ্নে জাফর সোবহান বলেন, ‘বাধা রয়েছে এমন কিছু আমরা তাদের বলিনি।’ জাতীয় নির্বাচনের পদ্ধতি প্রসঙ্গে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বলেছি, দুই দলকে বসতে হবে, অর্থাৎ ক্ষমতাসীন দল ও বিরোধী দল একসঙ্গে বসবে। নির্বাচন প্রক্রিয়া প্রশ্নে ঐকমত্যে পৌঁছাবে। সংলাপের মাধ্যমে ঐকমত্য হলে সবার জন্যই ভালো হবে।’

এ সময় সোহরাব হাসান বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। তবে নির্বাচনের কী পরিবেশের কথা জানানো হয়েছে, তা উল্লেখ করেননি তিনি। সোহরাব হাসান বলেন, ‘আমাদের গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে কথা হয়েছে। নির্বাচনের কথাও বলা হয়েছে। আমরা মাঠে যা দেখছি, যা শুনছি, তা বলার চেষ্টার করেছি। যে বাধা আছে, তা অতিক্রম করার চেষ্টা আছে আমাদের সাংবাদিক বন্ধুদের।’

মিডিয়ার স্বাধীনতা নিয়ে কোনো পক্ষ উদ্বেগ প্রকাশ

করেছে কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে প্রাক-নির্বাচন পরিস্থিতি নিয়ে।