Home জাতীয় মেসেঞ্জার গ্রুপ খুলে আইসের কারবার, যুবক গ্রেপ্তার: ৫০ লাখ টাকার মাদক জব্দ

মেসেঞ্জার গ্রুপ খুলে আইসের কারবার, যুবক গ্রেপ্তার: ৫০ লাখ টাকার মাদক জব্দ

66

ঢাকা অফিস
ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলে আইস সরবরাহের অর্ডার নেওয়া হতো। এর পর মবিলের কার্টনে ভরে তা পৌঁছে দেওয়া হতো মাদকসেবীর কাছে। সন্দেহ এড়াতে নারীদের ‘ডেলিভারি ম্যান’ হিসেবে ব্যবহার করত চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি। সোমবার রাজধানীর আবদুল্লাহপুর থেকে চক্রের হোতা ইফতেখার উদ্দিন সাকিবকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি আইস উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ আলম বলেন, উত্তরা পূর্ব থানার একটি টহল দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঢাকার আশপাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় আসবে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় আবদুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। এর পর রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার নাম জানা যায়। তার সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ আইস পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে উপকমিশনার জানান, গ্রেপ্তারকৃত সাকিবের বাড়ি টেকনাফে। তবে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরে বাস করেন এবং এখানে একটি মাদক কারবারি চক্র গড়ে তুলেছেন। তিনি টেকনাফের এক মাদক কারবারির কাছ থেকে আইস সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। সাকিবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।