Home খেলাধুলা স্বাস্থ্য বীমার আওতায় ৮৭ ফুটবলার

স্বাস্থ্য বীমার আওতায় ৮৭ ফুটবলার

14

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল খেলোয়াড়দের ইনজুরি একটা নিয়মিত সাথী। আর এই ইনজুরিই শেষ করে দিতে পারে একজন ফুটবলারের ক্যারিয়ার। চিকিৎসা করে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে তাকে করতে হয়ে আরেক যুদ্ধ।
আমাদের দেশে তা আরো কঠিন। জাতীয় দলের কোনো ফুটবলার চোটে পড়লে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) তাকিয়ে থাকতে হয় ফিফার দিকে। যে কারণে জাতীয় দলের ফুটবলারদের বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। চলতি মাসে একটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ার কথা ফেডারেশনের। জাতীয় দলের ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই বীমার চিন্তাভাবনা করে বাফুফে। তিনটি কোম্পানির সঙ্গে আলোচনা হয়। তার মধ্যে একটি কোম্পানির সঙ্গে চুড়ান্ত হয়েছে। বীমা চুক্তির আওতায় থাকবেন জাতীয় দলের ৩৫ এবং নারী দলের ৫২ ফুটবলারসহ মোট ৮৭ ফুটবলার।
বাফুফের হেড অব মার্কেটিং এটিএম তারেক ডেইলি বাংলাদেশকে বলেন, ‘ফুটবলারদের বীমার আওতায় আনার কাজটি আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। কিন্তু করোনার কারণে তা কিছুটা শিথিল হয়েছিল। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। একটির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। আশা করি, চলতি মাসেই ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়ে যাবে’। বীমায় ফুটবলারদের সুবিধা ইঙ্গিত দিয়ে তারেক বলেন, ‘কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার চিকিৎসা কিংবা সাধারণ কোনো অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা, বড় ধরনের ইনজুরিতে পড়ে ক্যারিয়ার শেষ হলে তার জন্য আলাদা বীমা এবং কোনো খেলোয়াড় মারা গেলে তাতে তার পরিবার যেন সমস্যায় না পড়ে, এসব কিছু থাকবে’। যদি কোন ফুটবলার করোনায় আক্রান্ত হলে সকল সুবিধা পাবেন বলে জানান তারেক, করোনাতো একটা অসুখ। আর বীমাটা হলো স্বাস্থ্য বীমা। তাই কোনো ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হলে তার পুরো চিকিৎসার খরচ বহন করবে বীমা কোম্পানি’।

বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক
দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে খানিক পা পিছলেছে বার্সেলোনার, সেভিয়ার বিপক্ষে খুইয়েছে দুইটি পয়েন্ট। এ সুযোগটি কাজে লাগাতে একদমই ভুল করল না রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।
যদিও রিয়ালের রবিবার রাতের জয়টিতে বসে গেছে প্রশ্নবোধক চিহ্ন! কেননা ম্যাচের ফলাফল হওয়া উচিৎ ছিল ২-২। মাদ্রিদের সমান দুই গোল করেছিল সোসিয়েদাদও। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে সোসিয়েদাদের প্রথম গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে বল দখলের লড়াইয়ে মাদ্রিদ ছিল প্রায় সমানে সমান। স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে বারবার আক্রমণে উঠেছে সোসিয়েদাদ। তবে লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র দুইটি শট। যার একটিতে পায় গোল, অন্যটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। তবে বেশ কিছু সুযোগ পেয়েছিলেন করিমা বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়ররা। সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন তারা। ফলে গোলশূন্যই থেকে যায় প্রথমার্ধ।
বিরতির পর ফিরে ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াসের সৌজন্যেই এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের মধ্যে তাকে ফাউল করে বসেন আরেক ব্রাজিলিয়ান ডিয়েগো লরেন্তে। পেনালতির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস। কিছুক্ষণ পর পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রামোসকে। তবে রক্ষণ বেশ ভালোই সামাল দেন মার্সেলো, রাফায়েল ভারানে, দানি কার্ভাহালরা। দ্বিতীয় গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। চলতি লিগে নিজের ১৭তম গোলটি করেন বেনজেমা।
রিয়ালের দুই গোলের মাঝেই ঘটে বিতর্কিত ঘটনাটি। ম্যাচের ৬৭ মিনিটের সময় লং রেঞ্জ শটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন আদনান ইয়ানুজাই। কিন্তু ডি-বক্সের ভেতরে মিকেল মেরিনো তখন অফসাইড। যদিও বলে কোন ছোঁয়া লাগেনি তার। তবু বাঁশি বাজান রেফারি, বাতিল হয় স্বাগতিকদের গোল। সেই গোল বাতিল হলেও ৮৩ মিনিটে ঠিকই এক গোল ফেরত দেয় সোসিয়েদাদ। এবার এক জোরাল শটে কর্তোয়ার গ্লাভস ফাঁকি দেন সেই মিকেল মেরিনো। কিন্তু বিতর্কিত অফসাইডের কারণে ১-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। লিগের ৩০ ম্যাচ শেষে এখন রিয়াল ও বার্সার সমান ৬৫ পয়েন্ট। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শীর্ষস্থানে অবস্থান করছে জিনেদিন জিদানের দল।

স্মলিকে পুনরায় নিয়োগ দিচ্ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পল স্মলিকে আবারো নিয়োগ দেয়ার চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিশ্চিত করেন বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল। ২০১৬ সাল থেকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তিন বছর কাজ করে গেছেন স্মলি। কিন্তু উচ্চ বেতনের চাহিদার কারণে তাকে ধরে রাখতে পারেনি বাফুফে। তাই গত বছরের আগস্টে পদত্যাগ করেন তিনি।
স্মলিকে নিয়োগ দেয়ার ব্যাপারে তাবিথ বলেন, ‘ফিফার আওতায় থাকতে হলে, টেকনিক্যাল ডিরেক্টরের পদ খুবই জরুরি এবং ফিফা থেকে ফান্ড পাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। এ কারণে স্মলিকে আমাদের সঙ্গে কাজ করার অনুরোধ করেছি। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছি, আমাদের কমিটি থেকে পল স্মলির সঙ্গে আবার একটা চুক্তি করার জন্য। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে পেশ করে পাস করানো হবে। বাংলাদেশে পুরুষদের জন্য ১২০টি ফুটবল একাডেমি রয়েছে যেগুলো কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উদ্যোগে চলছে।’

একাডেমি নিয়ে বাফুফের আগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তৃতীয় মেয়াদের শেষ দিকে এসে দেশের আনাচে-কানাচে থাকা ফুটবল একাডেমিগুলোকে তাদের অধীনে আনার পরিকল্পনা করেছে।
এএফসির গাইডলাইন অনুসারে কাজটি শুরু করেছে বাফুফে। খোঁজ নিয়ে তারা দেশে ১২১টি একাডেমির খবর পেয়েছে। আরও একাডেমি আছে কি না, তা খোঁজ নিয়ে সেগুলোকে টেকনিক্যাল সহায়তা দেয়ার কাজ শুরু করবে বাফুফে। বাফুফের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে চলমান একাডেমিগুলো তালিকা করে তাদের তিনটি গ্রেড করে সহযোগিতা প্রদান করা হবে।

ক্যাম্প শুরুর তাগিদ দুই ডিফেন্ডারের

ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবল বন্ধ। বন্ধ আন্তর্জাতিক প্রতিযোগিতাও। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী অক্টোবর-নভেম্বরে কাতার বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো আয়োজনের সিডিউল ঘোষণা করেছে এএফসি।
এখনো চার মাস বাকি জাতীয় দলের ফুটবলারদের মাঠে নামার। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি অবশ্য সিদ্ধান্ত নিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহ থেকে তারা ক্যাম্প শুরুর প্রক্রিয়ায় যাবে। তৃতীয় সপ্তাহে আবাসিক ক্যাম্প শুরু করবে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের জন্য। কিন্তু ঘরে বসে অলস সময় কাটানো ফুটবলাররা চান দ্রুত জাতীয় দলের ক্যাম্প শুরু হোক। তাতে তাদের মরিচা পড়তে থাকা ফিটনেসের কিছুটা উন্নতি ঘটানো সম্ভব। ডিফেন্ডার তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষ দ্রুত ক্যাম্প শুরু হবে আশা প্রকাশ করেন।

চলে গেলেন রঞ্জি কিংবদন্তি গোয়েল

ক্রীড়া প্রতিবেদক
না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সর্বোচ্চ ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির কিংবদন্তি ক্রিকেটার রাজিন্দার গোয়েল। দীর্ঘদিনের অসুস্থতাজনিত কারণে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হরিয়ানার এ বাঁহাতি স্পিনার।
রঞ্জি ট্রফিতে গোয়েলের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোন বোলার। ১৯৫৮-৫৯ থেকে ১৯৮৪-৮৫ পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে শুধু রঞ্জি ট্রফিতেই তার শিকার ৬৩৭ উইকেট। যার বেশিরভাগই তিনি নিয়েছেন হরিয়ানার হয়ে। সবমিলিয়ে প্রায় ২৬ বছর ও ১৫৭ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে গোয়েলের উইকেটসংখ্যা ৭৫০। ইনিংসে পাঁচ উইকেট ৫৩ বার ও ম্যাচে দশ নিয়েছেন ১৭ বার। অথচ কখনও ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি এ রঞ্জি কিংবদন্তি।

এভারটন বাধায় আটকে গেল লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক
হাতে ম্যাচ বাকি নয়টি, চ্যাম্পিয়ন হতে পয়েন্ট দরকার মাত্র ছয়। সহজ সমীকরণ মাথায় নিয়েই করোনা বিরতির পর ফের মাঠে নেমেছিল লিভারপুল। কিন্তু প্রথম ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।
এতে অবশ্য ইয়ুর্গেন কপের শিষ্যদের তেমন কোন ক্ষতি হয়নি। কেননা এখনও বাকি থাকা আট ম্যাচের মধ্যে স্রেফ ৫ পয়েন্ট পেলেই হবে লিভারপুলের। অর্থাৎ যেকোন দুটি ম্যাচ জিতলেই অধরা লিগ শিরোপা যাবে লিভারপুলের ট্রফি কেবিনেটে। রবিবার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে লিভারপুলের নতুন যাত্রা। ম্যাচের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করেছে অলরেডরা। কিন্তু কাজের কাজ গোল আর করা হয়নি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। লিগের ৩০ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের সমান ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া চেলসির অবস্থান চতুর্থ।

রাশিয়ান লিগে একইসঙ্গে ফুটবল ও করোনা

ক্রীড়া প্রতিবেদক
ডায়নামো মস্কোর তিনজন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় এফসি ক্রাসনোদারের সঙ্গে তাদের রবিবারের ম্যাচটি স্থগিত হয়ে গেছে। শনিবার অনুশীলনের আগে পরীক্ষা করা হয় খেলোয়াড়দের, তাতে ফরোয়ার্ড কিনটন এনজাই এবং মিডফিল্ডার চার্লস কাবোর ও সেবাস্তিয়ান সাইমানস্কি রিপোর্ট পজিটিভ এসেছে।
তবে খেলোয়াড় ও কোচিং স্টাফসহ গোটা দলকেই অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে আইসোলেশনে। ক্রাসনোদারকে ম্যাচ স্থগিত রাখার অনুরোধ করলে তারা সম্মতি জানিয়েছে। এর আগে লিগ শুরুর প্রথম দিনেই দেখা দেয় করোনা-বিপত্তি। প্রথমেই ছিল সোচি ও রোস্তভের ম্যাচ। ফক্স স্পোর্টস জানিয়েছে, রোস্তভের পুরো সিনিয়র দলই আইসোলেশনে থাকায় তারা ম্যাচটি স্থগিত রাখার অনুরোধ রেখেছিল। সোচি রাজি হয়নি। অগত্যা জুনিয়র দল নামাতে বাধ্য হয় রোস্তভ, যে দলের গড় বয়স বড় জোর ১৭। যা হওয়ার তাই হয়েছে, ১৬ দলের লিগে ১০ নম্বরে থাকা সোচি ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে রোস্তভকে।

রিয়াল বেটিস’র কোচ বরখাস্ত

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস সংকট কাটিয়ে লা লিগা মাঠে গড়ানোর পর প্রথম কাব হিসেবে কোচ বরখাস্ত করেছে রিয়াল বেটিস। করোনা পরবর্তী তিনটি ম্যাচেই জয়বিহীন থাকার কারণে কোচ রুবিকে রবিবার বরখাস্ত করেছে লা লিগা কাবটি।
এক বিবৃতিতে বেটিস জানিয়েছে রুবিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাবেক বেটিস খেলোয়াড় ও কাবের স্পোর্টিং ডাইরেক্টর এ্যালেক্সিস ট্রুজিলো মৌসুমের শেষ আট ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন। প্রথম ম্যাচে বেটিস সেভিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হবার পর গত সপ্তাহে গ্রানাডার সাথে ২-২ গোলে ড্র করে। এরপর শনিবার এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে আবারো ১-০ গোলে পরাজিত হয়। এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে পরাজিত হয়ে ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বেটিস ১৪তম স্থানে নেমে গেছে। রেলিগেশন জোন থেকে এক ধাপ উপরে থাকা রিয়াল মায়োর্কার থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে বেটিস।

করোনায় আক্রান্ত দুই টেনিস তারকা

ক্রীড়া প্রতিবেদক
বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলেন আরও এক টেনিস তারকা বোরনা কোরিচ। শনিবার দিমিত্রভের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। বুলগেরিয়ান টেনিস তারকার রিপোর্ট পজিটিভ আসার পরই টেস্ট করান কোরিচও। দেখা যায় তিনিও করোনা আক্রান্ত।
সোশ্যাল সাইটে কোরিচ লেখেন, তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে কোনও উপসর্গ নেই। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তারা যেন টেস্ট করে নেন।
দিমিত্রভের পর কোরিচ করোনা আক্রান্ত হওয়ায় কাঠগড়ায় সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস মহলের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেননা আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন জোকোভিচই। সর্তকতা অবলম্বন না করেই খেলা হয়েছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট

করোনাক্রান্ত সাঁতারুর মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক
আরও একবার দিল্লিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠল। পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অবহেলার কারণেই মৃত্যুবরণ করেছেন ভারতের জাতীয় পর্যায়ের সাঁতারু আশুতোষ।
গত ১৭ জুন দিল্লির লেডি হার্ডিং হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ বছর বয়সী আশুতোষ। তার পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতা এবং দায়িত্বরতদের অবহেলার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আশুতোষ। শুধু তাই নয়, অভিযোগ পাওয়া গেছে যে মৃতদেহ হস্তান্তরের সময়েও আশুতোষের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। দিল্লির করোলবাগ এলাকায় পরিবারকে নিয়ে থাকতেন আশুতোষ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তিনি। পারিবারিক সুত্রে জানা গেছে, আশুতোষ দিল্লির হয়ে সাঁতার প্রতিযোগিতা করতেন এবং শিভাজি স্টেডিয়ামে বাচ্চাদের সাঁতার শেখাতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

বোকা জুনিয়র্সে খেলতে চান রুনি

ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টাইন কাব বোকা জুনিয়র্সে খেলার ইচ্ছা ছিল ইংলিশ তারকা ওয়েইন রুনির। এমন তথ্যই দিয়েছেন গত মৌসুমে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের হয়ে খেলা রুনির আর্জেন্টাইন সতীর্থ লুসিয়ানো আকোস্তা।
রুনির সাথে জুটি বেঁধে আকোস্তা গত মৌসুমে এমেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। কিন্তু তারপর রুনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ দল ডার্বি কাউন্টিতে পাড়ি জমান। বোকা জুনিয়র্সের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আকোস্তা বলেন, ‘রুনি আমাকে বলেছে সে যদি আর্জেন্টাইন ফুটবলে খেলার সুযোগ পেত তাহলে অবশ্যই বোকাতে খেলতেন, এতে কোন সন্দেহ নেই। বোকাতে খেলাটা তিনি দারুণভাবে উপভোগ করতেন বলেও মন্তব্য করেছেন।’

লা লিগার সর্বোচ্চ গোলদাতা ডিফেন্ডার রামোস

ক্রীড়া প্রতিবেদক
লা লিগা ইতিহাসে ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্পট কিক থেকে গোল করে, এ ইতিহাস গড়েন রামোস। এটা তার লা লিগা ক্যারিয়ারের ৬৮তম গোল।
লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোল করা ডিফেন্ডার এখন রিয়াল অধিনায়ক। ৬৮ গোল করে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার ডিফেন্স লাইনের সাবেক সেনানী রোনাল্ড কোম্যানকে। যিনি এখন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। এ তালিকায় উপরে উঠতে গিয়ে, রামোস পেছনে ফেলেছেন আরো বেশ কয়েকজন কিংবদন্তীকে। এর মাঝে তিনজন আবার তার সাবেক সতীর্থ। তারা হলেন, স্পেনের ফার্নান্দো হিয়েরো, পিরি এবং রিয়াল মাদ্রিদের রবার্তো কার্লোস। হিয়েরোর গোল সংখ্যা রামোসের চেয়ে অনেক বেশি হলেও, তার বেশিরভাগই ছিলো মিডফিল্ডার হিসেবে। তাই, তালিকার শীর্ষে উঠে আসতে কোন বাঁধাই পাননি সার্জিও রামোস।

এই সময়ে ইংল্যান্ড সফর ঝুঁকিপূর্ণ

ক্রীড়া প্রতিবেদক
ভাড়া করা বিমানে করে ইংল্যান্ড যাবে পাকিস্তান দল। আগামী রোববার উড়াল দেওয়ার আগে দলের সব সদস্যদের দুবার করে করোনা পরীক্ষা করা হবে। ইংল্যান্ডে পাকিস্তান দল অনুশীলন করবে জৈব-সুরক্ষিত পরিবেশে, খেলবেও ওই একই পরিবেশে দর্শকহীন মাঠে। এত সব সতর্কতা থাকবে, এরপরও করোনাভাইরাস এই মহামারির সময়ে ইংল্যান্ড সফরকে ঝূঁকিপূর্ণই মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিকিৎসক সোহেল সেলিম।
ঝুঁকি থাকার পরও পাকিস্তান কেন এই সময়ে ইংল্যান্ড সফরে যাবে? এটা সাধারণ ক্রিকেট দর্শক আর খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্যই প্রয়োজন এমনটাই বলেছেন সেলিম, ‘মহামারির এমন সময়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমাদের নেই। দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম। মহামারি মানেই ঝুঁকি। তবে খেলোয়াড়দের কাজ তো মানুষকে বিনোদন দেওয়া!’ সেলিম দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম বললেও ইংল্যান্ড দর্শকহীন মাঠে ও জৈব-সুরক্ষিত পরিবেশে খেলার অভিজ্ঞতা পাকিস্তানের আগেই পেয়ে যাবে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলবে দলটি। আর ইংল্যান্ড সফরে পাকিস্তান তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে আগস্ট-সেপ্টেম্বরে।

চীনকে কীভাবে ঠেকাবে ভারতীয় ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক
গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর ভারতে চীনবিরোধী মানসিকতা এখন তুঙ্গে। একসঙ্গে এত সেনাসদস্য নিহত হওয়ার পর জাতীয়তাবাদী ভাবনাটা অন্য মাত্রা নেবে, এটাই স্বাভাবিক। ভারতজুড়ে ডাক দেওয়া হয়েছে চীনা পণ্য বর্জনের। আর এই আহ্বান ভারতের খেলার জগৎকে বড় বিপদেই ফেলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে অর্থকরী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের টাইটেল স্পনসরই তো চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভোর। টুর্নামেন্টে চীনা প্রতিষ্ঠানের বিরাট অঙ্কের বিনিয়োগ কীভাবে অস্বীকার করবে ভারত।
হয়তো এ কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে নতুন করে ভাবার সিদ্ধান্ত নিলেও বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের বক্তব্য অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেছেন, চীনের টাকায় যদি ভারতের লাভ হয়, তাহলে তো অসুবিধার কিছু নেই! ধুমাল অবশ্য এটাও বলেছেন, ‘জাতীয় স্বার্থের কাছে বিসিসিআইয়ের বাণিজ্যিক স্বার্থ কিছুই নয়।’ তবে তাঁর কথায় স্পষ্টচীনা পৃষ্ঠপোষকদের পত্রপাঠ বিদায় করে দেওয়া এত সহজ হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য। চীনা প্রতিষ্ঠান বা চীনা পণ্য বয়কটের ডাকে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে ভারতের ক্রিকেটই। বিসিসিআইকে দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলা হয়। আর এই ধনী বোর্ডের ধন-সম্পদের বড় উৎসই হলো চীনা প্রতিষ্ঠান। সেটি চীনা ব্র্যান্ড দিয়েই হোক কিংবা চীনা বিনিয়োগের মাধ্যমে।

টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক
দ্বিপাক্ষিক পরিকল্পনা বাদ দিয়ে ও এশিয়া কাপের বাইরে আগামী আগস্ট মাসে ৫দল টি-টোয়েন্টি লিগ আয়োজন করার কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। করোনা মহামারির কারণে ভারত সিরিজ বাতিল হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে পুর্ব নির্ধারিত হোম সিরিজ পড়েছে অনিশ্চিয়তার মধ্যে। যে কারণে আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগের আয়োজন নিয়ে ভাবছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)।
অনেক হিসেব নিকেশ করে কিছু সংখ্যক বিদেশি খেলোয়াড় নিয়ে এই বছরের টি-টোয়েন্টি লিগ আয়োজন করাই নিরাপদ মনে করছে এসএলসি। কারণ অনেক দেশ এখন স্বাস্থ্যগত ঝুঁকির সঙ্গে লড়াই করছে। অন্যান্য দেশ যেখানে করোনা সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে দ্বীপদেশ শ্রীলঙ্কায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মাত্র ২ হাজার। আর মারা গেছে ১১জন। ভ্রমণের ওপর কঠোরতা আরোপের মাধ্যমে তারা করোনাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। আগস্টে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী কোনো বিদেশি খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং সম্প্রচার কর্মীদের শ্রীলঙ্কা পৌঁছে দীর্ঘ মেয়াদি কোনো কোয়ারেন্টাইনে যেতে হবে না। তাদেরকে শুধু থাকতে হবে কোভিড-১৯ পরীক্ষার দুটি নেগেটিভ ফলাফল। এর একটি হতে হবে যাত্রার আগমুহূর্তে নিজ দেশের টেস্ট রিপোর্ট। অপরটি শ্রীলঙ্কা পৌঁছানোর পর। সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজন নিয়েও আশাবাদী শ্রীলঙ্কা। একই সঙ্গে তিনটি ওয়ানডে এবং যত বেশি সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতকে এবং তিন টেস্টের জন্য বাংলাদেশকে আনার প্রচেষ্টা অব্যাহত রাখবে দ্বীপ দেশটি।

জয় দিয়ে মাঠে প্রত্যাবর্তন চেলসির

ক্রীড়া প্রতিবেদক
করোনা পরবর্তী সময়ে পুনরায় শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে চেলসি। ঘুরে দাঁড়িয়ে রেলিগেশনে থাকা অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ২-১ গোলের এই জয়ে ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে চেলসির পয়েন্ট হলো ৫১। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে অ্যাস্টন ভিলা। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০।
রবিবার রাতে অ্যাস্টনের মাঠ ভিলা পার্কে প্রথমার্ধে পিছিয়ে পড়া চেলসিকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিচ। দুই মিনিট পর দলকে এগিয়ে নেন অলিভিয়ে জিরুদ। দ্বিতীয়ার্ধের পঞ্চদশ মিনিটে বদলি হিসেবে নামার ৫ মিনিট পরেই সমতা আনেন ৩০ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পুলিসিচ। এর দুই মিনিট পর ডি বক্সের মধ্যে বাম প্রান্ত থেকে সেই পুলিসিচের বাড়ানো বল পেয়ে উল্টো দিকে ঘুরে ডান পায়ের উঁচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড জিরুদ। টানা চার ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে জয় পেল চেলসি। অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথম লেগেও তারা একই ব্যবধানে জিতেছিল। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে লিগ স্থগিতের আগে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে তারা এভারটনকে হারিয়েছিল ৪-০ ব্যবধানে। কোচ ল্যাম্পার্ডের শততম ম্যাচে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান আরও সুসংহত করল চেলসি। তালিকার পাঁচ ও ছয় নম্বর দল যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের চেয়ে তারা পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে।