Home খেলাধুলা প্লেটে বিরিয়ানি থাকলেও বাবরের মাথায় শুধু বাউন্ডারি লাইন!

প্লেটে বিরিয়ানি থাকলেও বাবরের মাথায় শুধু বাউন্ডারি লাইন!

23

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘ সাত বছর পর ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবারের মত এখানে খেলবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গ্রিন ক্যাপদের বিশ্বকাপ দলে থাকা মাত্র দুই ক্রিকেটারের পূর্বে ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। এরই মধ্যে ভারতীয়দের অভ্যর্থনায় বিমোহিত পাক ক্রিকেটাররা। অনুশীলনের পর হায়াদ্রাবাদি বিরিয়ানির প্রশংসায় পঞ্চমুখ হলেও বাবর আজমের মাথায় উঁকি দিচ্ছে বাউন্ডারি লাইনের চিন্তা।

 

অন্যান্য দেশের ক্রিকেটাররা ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলে থাকেন। সুযোগ হয় আইপিএলেও। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের সেই সুযোগ নেই। তাই ক্যাপ্টেন্স মিটে অন্যদের চেয়ে প্রথমবার ভারতে খেলতে আসা পাকিস্তান অধিনায়ক বাবরের ওপর সবার দৃষ্টিটা একটু বেশিই ছিলো। কয়েকদিনের অনুশীলনে বিশ্বকাপে ভালো খেলা কতটুক সম্ভব? কোনো বাড়তি চাপ রয়েছে কিনা? সঞ্চালক রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘এখন পর্যন্ত কোনো চাপ অনুভব করছি না। পাকিস্তান এবং উপমহাদেশের বাকি দেশগুলোর সাথে এখানকার পরিস্থিতি প্রায় এক।

প্রায় এক সপ্তাহর মত আমরা এখানে অনুশীলন করেছি এবং ম্যাচও খেলেছি। তেমন পার্থক্য পাইনি।’
নিজেদের দুইটি প্রস্তুতি ম্যাচই হায়দ্রাবাদে খেলেছে পাকিস্তান। সেখানে থাকাকালীন বেশ খোশমেজাজে আছেন বাবর আজমসহ পুরো পাকিস্তান দল। এরই মধ্যে পুরো দল ঘুরে দেখেছে হায়দ্রাবাদ । সেসময় স্থানীয় এক রেস্তোরায় রাতের খাবারে হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে মুগ্ধ হয়েছেন অধিনায়ক বাবর আজম। রবি শাস্ত্রীর হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়ে করা প্রশ্নের জবাবে বাবর হেসে বলেন, ‘অন্তত ১০০ বার এই প্রশ্নের জবাব দিয়েছি। এতদিন হায়দ্রাবাদি বিরিয়ানির নাম শুনলেও এবার খেয়ে দেখেছি। সত্যিই অসাধারণ।’
করাচি বিরিয়ানির সঙ্গে এর পার্থক্য জানতে চাইলে বাবর বলেন, এটা (হায়দ্রাবাদি) বিরিয়ানি একটু বেশিই মসলাদার।
বাবর বলেন, ‘ভারতে আসার পর যে আতিথেয়তা পেয়েছি, বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত এমনকি অনুশীলন ম্যাচেও যে পরিমান সমর্থন পেয়েছি তা অনবদ্য। তবে আরো ভালো লাগতো যদি পাকিস্তান থেকেও অনেকে আসতো।’

 

তবে বাবর মনে করছেন ভারতের মাঠে বাউন্ডারি তুলনামূলক ছোট। তিনি বলেন, ‘এখানে বাউন্ডারি ছোট। বোলারদের সামান্য ভুলের কারণে ব্যাটাররা অনেক বেশি সুযোগ পাবে। তাই ভুলের সুযোগ নেই। আমি মনে করি ম্যাচগুলোতে রান অনেক বেশি হবে। আমাদের সেরাটা তুলে ধরার চেষ্টা আমরা করবো।’
পাকিস্তান দলের প্রধান শক্তির কথার উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় বোলিংই আমাদের প্রধান শক্তি। তিন বছর আমরা একই দল নিয়ে খেলছি। বোলিংয়ের ওপর আমাদের বাড়তি ভরসা রয়েছে।’

আগামী ১৪ই অক্টোবর আহমেদাবাদে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ভেন্যু ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তাই আকর্ষণটা একটু বেশি। এই ম্যাচ নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমরাও উত্তেজনায় ভুগছি। প্রথমবারের মত ভারতে খেলবো। তবে এর আগেও আরো দুইটি ম্যাচ রয়েছে আমাদের। প্রতি ম্যাচ ধরে এগোতে চাই। এটা ঠিক যে আমরাও পাক-ভারত ম্যাচের জন্য রোমাঞ্চিত। বড় কিছুর অপেক্ষায়।’