Home খেলাধুলা হাসিখুশি সাজঘরের মন্ত্র ‘এবার না হলে আর কখন?’

হাসিখুশি সাজঘরের মন্ত্র ‘এবার না হলে আর কখন?’

13

খেলা ডেস্ক।।

ঢাকা থেকে বেনাপোল হয়ে কলকাতা। সেখানে এক রাত থেকে পরদিন কলকাতা দিল্লির ট্রেন। দিল্লিতে নেমেই তড়িঘড়ি করে ধর্মশালার বাস। শৈলশহরে পৌঁছে দৌড়ে পাহাড়ের বুক চিড়ে সবুজের আচ্ছাদনে মাথা উঁচু করে থাকা একমাত্র ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ। জাতীয় দলের ক্রিকেটাররা তখন ধর্মশালার চারটি নেটে ঘাম ঝরিয়ে যাচ্ছিলেন। প্রিয় ক্রিকেটারদের দেখে ভুলু ঘোষ চেঁচিয়ে উঠলেন, ‘আমি কিন্তু চইল্যা আইছি…।’

দেশের ক্রিকেটাঙ্গনে যারা ঢুঁ মারেন তারা বিসিবির ভুলু ঘোষকে না চেনার কারণ নেই। চা পান করিয়ে মানুষের মন জয় করে কতটা কাছে যাওয়া যায় তা ভুলু ঘোষকে না দেখলে বোঝার উপায় থাকতো না। বিশ্বকাপের খেলা দেখতে ঢাকা থেকে ধর্মশালা পৌঁছতে প্রায় সাড়ে আট হাজার টাকা খরচ করেছেন ভুলু।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদকে নিজের লম্বা সফর আর খরচের কথা বলতেই হাসি ফুটে যায় তার মুখে। ততক্ষণে যে খালেদ মাহমুদ তাকে নিশ্চয়তা দিয়েছেন বাকি খরচ তিনি দেখবেন।

ক্রিকেটের পার ভক্ত ভুলুকে যেমন টিম ডিরেক্টর আজ খুশি করেছেন, খুশি করেছেন বাংলাদেশ থেকে ধর্মশালায় আসা ৮ সাংবাদিককেও। অলিখিত আইন, আইসিসির আয়োজনের বাইরে বাংলাদেশ দলের কেউ গণমাধ্যমের মুখোমুখি হবে না। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের যৌথ সিদ্ধান্তেই এমন আইন! তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সেই আইন ভাঙলেন! অবশ্য গণমাধ্যমের সামনে তার উপস্থিতিকে ভিন্নভাবে দেখা যায়। দলের ওই অলিখিত আইন জানাতেই তার হাজির হওয়া।

 

সেটা বোঝা গেল এক প্রশ্নের উত্তরে, ‘মনোযোগটা ক্রিকেটেই থাকুক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাচের আগে একজনই কথা বলুক। আর ছেলেরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে মনে হয় মনোযোগ আরও ভালো দিতে পারবে। ডিসিপ্লিন ও পরিবেশ যদি ভালো থাকে, তাহলে এই আসরে আমরা ভালো করবো।’

বিশ্বকাপের মিশনে আসার আগে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে যে উত্তপ্ত পরিবেশ, চারপাশের আবহ যে গোমট ছিল তা এখন নেই বলেই দাবি করলেন খালেদ মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে চনমনে এমন ড্রেসিংরুমের খোঁজেই ছিলেন তিনি। সেই ড্রেসিংরুম ফিরে আসায় আত্মবিশ্বাস বেড়েছে গোটা দলেরই, ‘খুবই ভালো আমার মনে হয়। দলের অবস্থা খুবই ভালো। দারুণ ইনটেনসিটি আছে। ছেলেরা পাম্পড আপ ভালো খেলার লক্ষ্যে। সবাই ফিট আছে। কোনও অভিযোগ নেই।’

বিশ্বকাপের অনেক আগ থেকেই বাংলাদেশের লক্ষ্য বড় কিছু করা। সেই বড় কিছু মানে অন্তত সেমিফাইনালে খেলা। মাঝে নানামুখী কারণে সেই লক্ষ্যের পথ থেকে সরে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু টিম ডিরেক্টরের কণ্ঠে বাজল সেই একই সুর, ‘আমি এর আগেও বলেছি, প্রত্যাশা বলবো না…আমি মনে করি আমাদের ভালো খেলার অনেক সুযোগ আছে। আমরা সেমিফাইনাল নক আউট স্টেজে যেতে চাই। আমাদের সামর্থ্য আছে। আমরা চ্যালেঞ্জ করার মতো দল একটা। এর আগেও প্রতিটা দলের সঙ্গে আমাদের ম্যাচ জেতার রেকর্ড আছে।’

২০০৭ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করা সাকিব ও মুশফিকুর রহিম রয়েছেন। আছেন তিন বিশ্বকাপ খেলা মাহমুদউল্লাহ। তাসকিন, মিরাজ, শান্ত, লিটনের মতো নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারও আছেন। সঙ্গে তাওহীদ, তামিম, হাসানদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। সব মিলিয়ে ১৮ কোটির সেরা ১১ জনই এবারের স্বপ্নসারথী।

খালেদ মাহমুদের বড় কিছু অর্জনের আত্মবিশ্বাস এই কারণেই, ‘সেখানে (সাকিব ও মুশফিকের পঞ্চম বিশ্বকাপ) থেকেই আমার আশাটা। এবার না হলে আর কখন? আমাদের পুরো অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল আছে। অনেক ভালো পারফর্মাররা আছে। সেজন্য আমরা স্বপ্ন দেখতে পারি।’