ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। তিন মিনিটের এ ঝড়ে ভেঙ্গে গেছে ১৫টি ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা। বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ওই এলাকায়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। পুরো এলাকা বিদ্যুতবিহীন অন্ধকারে রয়েছে।
স্থানীয় বাসিন্দা কাজী দেলোয়ার হোসেন ও ফুয়াদুজ্জামান ফুয়াদ জানান,‘বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ১৫টি বসতঘর তছনছ হয়ে যায়।’
এসময় মো. সগির মুন্সির বসতবাড়ীর দুটো ঘর ভেঙ্গে যায়। এদিকে বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে মূহুর্তের মধ্যে ভেঙ্গে যায়।
বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার ইটের সলিং রাস্তাটিতে যানচলাচল বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে।











































