বাগেরহাট প্রতিনিধি।।
‘শহরে রিকশা চালাই। বেশিরভাগ রাস্তা এত খারাপ যে ঠিকমত রিকশা চালানো যায় না। এ মাসে দু’বার টায়ার-টিউব বদলাইছি। ১ হাজার ৭০০ টাকা খরচ হয়েছে। ছেলেমেয়ে নিয়ে সংসার চালাইতে খুব কষ্ট হয়’ বলছিলেন, রিকশাচালক জয়নাল শেখ। বাগেরহাট পৌর এলাকার বাসিন্দা তিনি।
জয়নাল শেখের মতো পৌরসভার সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরেক রিকশাচালক মো. রফিক। তিনি বলেন, ‘শহরে আসলি খরচ বাইড়ে যায়। চাকা টাল হয়, গাড়ির ক্ষতি হয়। আমাগো ব্যাটারির রিকশা, পানিতে ক্ষতি। কিন্তু সব রাস্তায়ই কাদাপানি। এত খারাপ রাস্তা কি আর কোনো শহরে আছে?” রাস্তা নিয়ে তাদের মত ক্ষোভ বাগেরহাট শহরের অধিকাংশ বাসিন্দার।
প্রায় ১৬ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটির অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা গেল এক দশকের বেশি সময় ধরে। জোড়াতালি দিয়ে তা চললেও চলতি বর্ষায় অনেক সড়কে রিকশা চলাও কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে শহরের দশানী, নূর মসজিদ মোড়, পুরতন বাজার, মুনিগঞ্জ, মালোপাড়া, সাধনার মোড়, খারদ্বার এলাকার কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তা জুড়ে বড় গর্ত। তাতে জমে আছে পানি। কোথাও কাদা। আবার কোথাও পিচের রাস্তার ওপর ইটের সলিং। সেখানে হেলে দুলে চলে ইজিবাইক, রিকশাসহ অন্যান্য যান। কাদাপানিতে অনেক রাস্তা দিয়ে হেটে চলাও দুস্কর। আবার অনেক রাস্তায় পানিতে না ভিজে যাবারই সুযোগ নেই। অনেক এলাকায় পানি জমে থাকে দিনের পর দিন।
রামপাল থেকে জেলা হাসপাতালে আসা নাজির উদ্দিন নামের এক রোগীর স্বজন বলেন, রোগী নিয়ে অটোতে করে এসেছি। বড় রাস্তায় সমস্যা হয়নি। কিন্তু শহরের মধ্যে প্রবেশের পরে রোগীর সঙ্গের সুস্থ মানুষও ঝাকিতে অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা।
পৌর শহরের একাধিক বাসিন্দা জানান, শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করলেও তা খুব একটা কাজে আসছে না। অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হলে পানি সড়কের পাশের বাড়িতেও ঢুকে পড়ে। তখন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদের।
শহরের খারদ্বার এলাকার ফারজানা রিমি বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তা পানি জমে যায়। ক’দিন বৃষ্টি হলে তো হাটুপানি জমে রাস্তায়।
শহরের পুরাতন বাজার এলাকার রুহুল আমিন বলেন, নদীতে জোয়ার হলেই রাস্তা ডুবে, বৃষ্টি হলে তো কথাই নেই। রাস্তার পিচ খোয়া উঠে একটা কাদামাটিতে একাকার।
পৌরসভা সূত্র জানায়, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বাগেরহাট পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। এ পৌরসভায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। পৌর এলাকায় সড়ক আছে ৭৮ কিলোমিটার। ড্রেনেজব্যবস্থা রয়েছে ৫৫ কিলোমিটার।
পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল হক রিজভী বলেন, তিনটি প্রকল্পের আওতায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে পৌরসভার সড়কসহ উন্নয়ন কাজ চলমান আছে। আগামী ৫ বছরের মধ্যে কাজ শেষ হবে। বর্তমানে ৭০ ভাগ রাস্তারই সংস্কার প্রয়োজন। ওই তিন প্রকল্পে যার কাজ চলমান আছে।











































