Home জাতীয় বাজেট অধিবেশন: করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন ৬৫ এমপি

বাজেট অধিবেশন: করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন ৬৫ এমপি

14

ঢাকা অফিস

করোনা সংক্রমণের মধ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে আগামী অধিবেশনে যেসব এমপি অংশ নিবেন, তাদের করোনা পরীক্ষা শুরু করেছে জাতীয় সংসদ। ২০ জুন ও রবিবার ২১ জুন ৬৫  জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সংসদ সূত্র জানায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য দুই দিনে ৬৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০ জুন ২০ জনের এবং রোববার ৪৫ জনের নমুনা নেওয়া হয়। তবে গতকাল ২০ জনের নেওয়া নমুনায় কারও পজিটিভ আসেনি। নেওয়া নমুনার ফলাফল সোমবার পাওয়া যাবে।

জাতীয় সংসদ মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক বলেন, এমপিদের করোনা টেস্ট করা শুরু হয়েছে। যারা পরবর্তী অধিবেশনের যোগ দেবেন তাদের টেস্ট করা হচ্ছে। পরীক্ষার ফল পরে জানানো হবে।

সংসদ সচিবালয়ে একজন কর্মকর্তা বলেন, ১৭০ জন সংসদ সদস্যকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ২৩, ২৪, ২৯, ৩০ জুন চারটি অধিবেশন হবে। শেষ দিন (৩০ জুন) নতুন অর্থ বছরের বাজেট পাস হবে। ওই অধিবেশনে যেসব এমপি উপস্থিত থাকবেন, তাদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী করোনা টেস্ট করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এ পর্যন্ত সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১৪ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকারের সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, গণফোরাম নেতা মোকাব্বির খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং,  ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী, নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।