Home জাতীয় বার্নিকাটের গাড়িবহরে হামলা// বদিউল আলম মজুমদারের মামলায় শ্যালক ইশতিয়াক গ্রেপ্তার

বার্নিকাটের গাড়িবহরে হামলা// বদিউল আলম মজুমদারের মামলায় শ্যালক ইশতিয়াক গ্রেপ্তার

9

ঢাকা অফিস।।

ঢাকায় নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার বাদী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক।

বুধবার সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই হামলায় অন্যান্য দুর্বৃত্তের সঙ্গে ইশতিয়াক মাহমুদও জড়িত ছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে মোহাম্মদপুরের খিলজী রোডে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে ৯ আসামির মধ্যে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহরে হামলা হয়।