নড়াইল প্রতিনিধি
নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিলে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন সদর উপজেলার উজিরপুর গ্রামের পারভীন বেগম ও ধোপাখোলা গ্রামের রতনা বিশ্বাস। তারা প্রায় ১০ বছর ধরে এ কাজের সঙ্গে যুক্ত আছেন। তাদের ভাষ্য, বর্ষার সময়টা তাদের কাছে উৎসবের মতো। প্রতিদিন সাংসারিক কাজ সেরে আঁশ ছাড়াতে আসেন। অর্ধেক নেন পাটচাষি, অর্ধেক পান তারা। জুলাই থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত দিনে পাটকাঠি বিক্রি করে ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয়।
জানা গেছে, নড়াইলের হাজার হাজার নারী মৌসুমি পেশা হিসেবে আঁশ ছাড়ানোর কাজ করেন। তারা পারিবারিক কাজের পাশাপাশি এ কাজও করছেন দীর্ঘদিন। ফলে সংসারের খরচ মেটাতে অবদান রাখতে পারছেন। চার থেকে পাঁচ ঘণ্টা আঁশ ছাড়িয়ে ৫০০ টাকা পর্যন্ত আয় হয়। চার মাস নারীরা এ কাজে ব্যস্ত থাকেন। এ বছর পাটকাঠির দাম ভালো থাকায় তাদের আয়ও বেড়েছে। কৃষি বিভাগ থেকে জানা গেছে, ভৌগোলিক কারণে দেশে পাট উৎপাদনকারী জেলার মধ্যে নড়াইল অন্যতম। এ বছর ২৩ হাজার ৬৪৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। জেলায় অসংখ্য খালবিল, জলাশয় ও নদীতে পানি থাকায় জাগ দিতে বেশি কষ্ট হয়নি চাষির। এবার ৩৩ হাজার ৮৫০ জন নারী পাটের আঁশ ছাড়ানোর কাজে যুক্ত রয়েছেন। এর মধ্যে সদরে ১১ হাজার ২০০, লোহাগড়ায় ১৪ হাজার ৮০০ এবং কালিয়ায় ৭ হাজার ৮৫০ জন। কৃষকরা জুলাই মাস থেকে পাট পচানো শুরু করেন। এ সময় থেকে গ্রামের নারীরা সাংসারিক কাজের পাশাপাশি আঁশ ছাড়ানোর কাজে অংশ নেন। এতে বাড়তি টাকা আয় হয়। গ্রামে আবাদ বেশি হওয়ায় এ অঞ্চলের নারীরা কাজের সুযোগ পান বেশি। অনেক শিক্ষার্থীও এতে অংশ নিচ্ছে। লস্করপুর গ্রামের আসমিনা বেগম বলছিলেন, তাদের গ্রামের প্রায় ৫০ জন নারী পাটের আঁশ ছাড়ানোর কাজ করেন। নিজের ও অন্যের বাড়িতে কাজের পরও পাট ছাড়ানোর কাজে সমস্যা হয় না। নড়াইল কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, জেলায় বৃষ্টিপাত বেশি হওয়ায় ফলন ভালো হয়েছে। পাটের দাম কম থাকলেও পাটকাঠির দাম বেশি। এগুলো জ্বালানি হিসেবে ও পানের বরজে বিক্রি হয়। দেশ-বিদেশে চাহিদা রয়েছে। কৃষক এক বিঘা জমি থেকে অন্তত তিন হাজার টাকার পাটকাঠি বিক্রি করতে পারছেন। প্রায় ৩৪ হাজার নারীর উপার্জনের সুযোগ হয়েছে।











































