বিশেষ প্রতিনিধি ॥
বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ কালীগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝরি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কের আমবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বৃষ্টিভেজা মহাসড়কের কারনে দূর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ মনে করছে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।









































