ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তা নির্মান করার অজুহাত দেখিয়ে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ । জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কেওরার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক শতাধিক সরকারি গাছ কর্তন করে নিয়েছে ঠিকাদারের লোকজন । স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তায় দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ ছিল,সেই গাছগুলো রাস্তা নির্মানের বাইরে থাকলেও গাছগুলো টেন্ডার ছাড়াই কেটে নিয়েছেন ঠিকাদারের প্রতিনিধিরা। আমরা নিষেধ করলেও তারা কোন বাধা মানে নাই । তারা বলে, রাস্তায় কাজ করতে হলে দুই পাশে কোন গাছ থাকবে না । গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। এই নিয়ে চলছে এলাকার বিভিন্ন মহলে গুনজন, স্থানীয় লোকজনের বাধায় কিছু গাছ ইউপি সদস্যের কাছে জমা রাখলেও বেশিরভাগ গাছ রাতের আধারে বিক্রি করা হয়েছে। এবিষয় বিভিন্ন মহলে জানালেও তারা সরকারী গাছ কাটা বন্ধ করতে পারে নাই ।
সুবিধাভোগী সদস্য রফিকুল ইসলাম জানান, আমাদের না জানিয়ে ভালো ভালো গাছগুলো কেটে নিয়ে যান। যে গাছগুলো কাটা দরকার নাই সে গাছগুলোও কাটা হয়েছে ।
ইউপি সদস্য জোবায়ের তালুকদার জানান, রাস্তার কাজের জন্য দুই পাশের গাছ কাটা হয়েছে। স্থানীয় লোকজনের বাড়ীর সামনে কিছু গাছ পড়ে থাকায় তারা নিয়ে যায় । বাকী গাছগুলো আমার দায়িত্বে রয়েছে।
ঠিকাদার প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহীন হাওলাদার জানান, গাছগুলো বনবিভাগের আওতাধীন হওয়ায় তাদের জানানো হয়েছে । বনবিভাগ থেকে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে গাছগুলো কাটার ব্যবস্থা করেছেন। কাটা গাছগুলো ইউপি সদস্য জোবায়ের তালুকদারের দায়িত্বে রাখা হয়েছে।
বনবিভাগ কর্মকর্তা নির্মল কুমার দত্ত জানান, রাস্তাটি সামাজিক বনবিভাগের আওতায় ছিল । রাস্তার কাজের জন্য কাটা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য ও চেয়াম্যানের দায়িত্বে রয়েছে । গাছ বিক্রি করার প্রমান পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।











































