স্পোর্টস ডেস্ক।।
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চোখ ইমরানের। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সেমিফাইনালে দৌড়াবেন তিনি।
প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে সেরা ২৪-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চীনের হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হিটে ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নেন তিনি। ফাইনালে ওঠার স্বপ্নপূরণে আশা করছেন সেমিতে আরও দ্রুত দৌড়ানোর। ইমরানের সেরা টাইমিং ১০ দশমিক ১১ সেকেন্ড।
বছরের শুরুতে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে জিতেছিলেন স্বর্ণ। ইমরান নিজের সেরা টাইমিং করতে পারলে প্রথমবার এশিয়ান গেমসে ১০০ মিটারের পদকের লড়াইয়ে থাকবে বাংলাদেশ। হিট উত্তীর্ণ হওয়া ২৪ জন সেমিফাইনালে তিন হিটে অংশ নেবেন। প্রতি হিটের শীর্ষ দুইজন করে এবং বাকিদের মধ্যে দুইজন লড়বেন ফাইনালে।
আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় সেমিফাইনালের প্রথম হিটে ট্র্যাকে নামবেন ইমরান। ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণের লড়াই হবে সন্ধ্যা ৭ টা৫৫ মিনিটে। লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান ২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন। আন্তর্জাতিক অঙ্গনে গত ২ বছরে বেশ কয়েকটি খেলায়ও অংশ নেন তিনি।











































