খুলনাঞ্চল রিপোর্ট।।
গত কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীতে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। এতে জেলার রাণীনগর, আত্রাই, মান্দা ও মহাদেবপুর উপজেলার কয়েকটি পয়েন্ট ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। এছাড়া রাণীনগর-আত্রাই সড়কের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুদিন ধরে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় বসত ঘরে পানি ঢুকে পড়ায় পরিবারের লোকজন, গৃহপালিত প্রাণী ও আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে তারা পড়েছেন চরম বিপাকে। গবাদিপশু নিয়ে কেউ উঁচু স্থানে, কেউ বা ঘরের মধ্যে চৌকির ওপর পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। রান্নার চুলা ডুবে যাওয়ার দেখা দিয়েছে খাদ্য সংকটও। একইসঙ্গে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে বলেও জানা গেছে। ভাঙন আতঙ্কে রয়েছেন নদীর পাড়ের বাসিন্দারা।
আত্রাই উপজেলার মালঞ্চি গ্রামের আব্দুল মান্নান বলেন, ‘চারদিন আগে ছোট যমুনা নদীর বেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকতে শুরু করে। ঘরের মধ্যেও এক হাঁটু পানি। চারদিন ধরে পানিবন্দি অবস্থা। গরু-ছাগল, মুরগিসহ এখন বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছি। গবাদিপশুর খাবার সংকট। খাবার এবং সুপেয় পানির চরম সংকটে পড়েছি। পরিবার নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে।’
একই গ্রামের গৃহবধু নিলুফা বেগম বলেন, ‘আমাদের বাড়ি পানিতে ডুবে গেছে। অন্যদের বাড়িতে গিয়ে রাতযাপন করতে হচ্ছে। বাচ্চাদের নিয়ে বিপদে আছি। খাবারের সমস্যা। কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা বাঁধের একটা স্থায়ী সমাধান চাই। কয়েক বছর পর পর বাঁধ ভেঙে আমরা ক্ষতিগ্রস্থের মধ্যে পড়তে হয়। রান্না করতে পারছি না। খাবার সংকটে পড়েছি।’
রাণীনগর উপজেলার নান্দাইবাড়ী গ্রামের আবুল হোসেন বলেন, ‘আত্রাই নদীতে পানি প্রচুর চাপ। বুধবার সকাল থেকে রাণীনগর-আত্রাই সড়কের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সড়কে পানি যেতে শুরু করে। আমরা গ্রামবাসী মিলে রক্ষার চেষ্টা করেছিলাম। বেলা ১১টার দিকে অবশেষে ভেঙে যায়। এ রাস্তার প্রায় ৫০ ফুট জায়গা ভেঙে ধ্বসে যায়। এতে প্রায় ৬০টি পুকুর কয়েকটি গ্রামে প্রায় কয়েক হাজার বিঘা জমির আমন ক্ষেত তলিয়ে যায়। পুকুর ভেসে যাওয়ায় প্রায় চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন এ সড়ক দিয়ে কেউ আর যাতায়াত করতে পারছে না।’
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। শিগগিরই ক্ষতিগ্রস্থ স্থান মেরামত করে চলাচলের উপযোগী করা হবে। ভাঙন হওয়া স্থানে বালির বস্তা ফেলা হয়েছে। এছাড়া বন্যা কবলিতদের মাঝে ইতোমধ্যে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আরও ব্যবস্থা করা হচ্ছে।’
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বন্যায় জেলায় প্রায় ৫০০ হেক্টর আউশ ও আমনের ক্ষেত নিমজ্জ্বিত হয়েছে। তবে কী পরিমাণ পুকুর বা মাছের ঘের ভেসে গেছে তা এখনো নিরুপণ করতে পারেনি জেলা মৎস্য অফিস।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান বলেন, ‘উজান থেকে নেমে আসা ঢলে ক্রমাগত জেলার নদ-নদীর পানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত জেলা পানি উন্নয়ন বোর্ডের অধীন বেশ কয়েকটি বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে। সেগুলো মেরামত অব্যাহত আছে। এছাড়া যেসব স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’











































