স্পোর্টস ডেস্ক
সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতের মাটিতে গিয়েছিল পাকিস্তান দল। দীর্ঘ ৭ বছর আবারও বিরাট কোহলিদের ঘরের মাঠে পা রেখেছে পাক বাহিনী। ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিরাপদেই ভারতে এসেছে বাবর আজমরা। তাদেরকে বিমানবন্দরে অভিনন্দন জানিয়েছে ভক্তরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছেছে। তাদেরকে ভারতে জমকালো স্টাইলে স্বাগত জানানো হয়েছে। ভিসা সমস্যার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হয়েছে পাকিস্তানকে। এর আগে দলটির দুবাই থেকে ভারতে আসার কথা ছিল। পাকিস্তান ক্রিকেট দলের ভারতে আগমন এবং এখানকার অপূর্ব স্বাগত জানানোর ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানি দলকে স্বাগত জানাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভক্তদের সমাগম হয়েছিল, বাবর আজমের দল এই দুর্দান্ত অভ্যর্থনা দেখে অবাক হয়ে পড়েছিল।
দলটিকে বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের জমকালো স্বাগত জানানো হয়। পাকিস্তান ক্রিকেট দল ১৮ জন খেলোয়াড় নিয়ে ভারতে পৌঁছেছে, যার মধ্যে ৩ জন রিজার্ভ খেলোয়াড় রয়েছেন। এই দলের মধ্যে ১৩ জন সাপোর্ট স্টাফও রয়েছে।
পাকিস্তানের তারকাদের এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিল ভারতের ভক্তরা। বিমানবন্দরের ভিতরে ও বাইরে খেলোয়াড়দের দেখার জন্য বহু ভক্তকে দেখা যায়। দলের সঙ্গে প্রত্যাশিতভাবে কঠোর নিরাপত্তা ছিল। হোটেলে পাকিস্তান দলের বাস যখন ঢুকছিল তখন ভক্তরা সেখানে দাঁড়িয়েছিলেন। তাদেরকে দেখে বাস থেকেই হাত নেড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এরপরে হোটেলের কর্মীরা তাদের স্বাগত জানান। পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে তারই একটি ক্লিপ শেয়ার করেছে।
পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি এবং উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান, নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের এই ভারত সফরের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এটাই তাদের প্রথম ভারত সফর। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম সহ বেশিরভাগ ক্রিকেটারই এই উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন। শাহিন একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘হায়দরাবাদ, ভারত। এখনও পর্যন্ত দারুণ স্বাগত।’
পাকিস্তান দল হায়দরাবাদে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচের পাশাপাশি তাদের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান দল।











































