Home খেলাধুলা চোট নিয়েই বিশ্বকাপে গেলেন সাউদি

চোট নিয়েই বিশ্বকাপে গেলেন সাউদি

71

স্পোর্টস রিপোর্টার।।
দলের অন্যতম প্রধান পেসার টিম সাউদিকে ছাড়াই খেলার শঙ্কা তৈরি হয়েছিল নিউজিল্যান্ডের। তবে শেষ মুহূর্তে ভারতের বিমান ধরেছেন অভিজ্ঞ কিউই পেসার। চোট নিয়েই নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেলেন ৩৪ বছর বয়সী টিম সাউদি। যদিও আঙুলে অস্ত্রোপচার করার পর সাউদি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। সর্বশেষ গত ১৫ই সেপ্টেম্বর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে চোট পান এই পেসার।

এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ঘোষিত বিশ্বকাপ দলে ছিলেন সাউদি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে তার আঙুলের হাড় স্থানচ্যুত হয়। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয়েছিল, সাউদি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারবেন কিনা, সে বিষয়ে আগামী সপ্তাহের শুরুর দিকে সিদ্ধান্ত নেওয়া হবে। সাউদির খেলা নিয়ে এখনও নিশ্চয়তা না থাকায় রিজার্ভ পেসার হিসেবে দলে রাখা হয়েছে কাইল জেমিসনকে।

গতকাল ক্রাইস্টচার্চ থেকে নিউজিল্যান্ড দলের একটি অংশ ভারতের উদ্দেশে উড়াল দেয়। বাংলাদেশ থেকে যাচ্ছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের আরেকটি অংশ। মঙ্গলবার শেষ হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে দলের সঙ্গে ছিলেন জেমিসন।

আগে ঘোষিত বিশ্বকাপ দলে না থাকলেও শেষ মুহূর্তে তিনিও ডাক পেয়েছেন। ঘরের মাঠে বাংলাদেশ কিউইদের কাছে ১৫ বছর পর সিরিজ হেরেছে।