Home খেলাধুলা তামিমকে নিচে খেলানো প্রসঙ্গে আসছে সাকিবের জবাব

তামিমকে নিচে খেলানো প্রসঙ্গে আসছে সাকিবের জবাব

53

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের জন্য গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ সেই দল বিশ্বকাপের আয়োজক দেশ ভারত গিয়েছে। নানা জল্পনা-কল্পনার পর সেই বিশ্বকাপ দলে রাখা হয়নি তামিম ইকবালকে। বিশ্বকাপের দল বাংলাদেশ ছাড়ার পরই এক ভিডিও বার্তায় নিজের বাদ পড়া ও ফিটনেসের নানান ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন তামিম।

ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, তিনি ইনজুরিতে পড়েননি। পিঠে যে অস্বস্তি আছে, সেটি খেলার জন্য কোনো বাধা হতো না। জানিয়েছেন, তাকে ফোন দিয়েছিলেন বিসিবির এক শীর্ষ কর্মকর্তাও। সেখানে তামিমকে তিনি ওপেনিং ছেড়ে নিচের দিকে ব্যাট করতে বলেছেন। যেটি নিয়ে অসন্তোষ দেখিয়েছেন তামিম। এসব বিষয় নিয়ে অনেকে অভিযোগের তীর ছুড়ছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাতুরাসিংহের দিকেও।

 

এসব বিষয় নিয়ে কথা বলবেন সাকিব। আজ রাত এগারোটায় গণমাধ্যম টি-স্পোর্টস প্রকাশ করবে সাকিবের একটি বিশেষ সাক্ষাৎকার। সেখানে তামিমকে মিডল অর্ডারে ব্যাট করতে বলা প্রসঙ্গ ছাড়াও তার বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব, বোর্ড সভাপতির সকল বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি এসব বিষয় নিয়ে কথা বলবেন সাকিব।

 

এরই মধ্যে ভিডিওটির একটি প্রোমো ছেড়েছে টি-স্পোর্টস। যেখানে সাকিব বলেন, ‘টিমের প্রয়োজনে যে কেউ যেকোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত।’

 

প্রসঙ্গত, নিচে খেলানোর কথা বললে ওই টপ লেভেলের কর্মকর্তাকে তামিম বলেছিলেন, ‘আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনো দিন তিন-চারে ব্যাটিংই করিনি। এরকম যদি হইতো আমি তিনে ব্যাটিং করি, চারে ব্যাটিং করি, তাহলে যদি ওপর–নিচ করা হয়, সেটা মানিয়ে নেওয়া যেত। কিন্তু আমার তিনে–চারে–পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। আমি কথাটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’