Home খেলাধুলা বিশ্বকাপের পরই অবসর, ঘোষণা ২৪ বছরের নাভিনের

বিশ্বকাপের পরই অবসর, ঘোষণা ২৪ বছরের নাভিনের

49

স্পোর্টস ডেস্ক।।

বয়স মাত্র ২৪। এই বয়সে অনেক ক্রিকেটারই অভিষেক হয় আন্তর্জাতিক মঞ্চে। অথচ, ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক! ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আফগান দলে ডাক পাওয়া এই ক্রিকেটার আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন।

আফগানিস্তানের জার্সিতে নিজের ছবি দিয়ে নাভিন লিখেছেন, ‘(আফগানিস্তানের জার্সিতে) নিজ দেশকে প্রতিনিধিত্ব করা দারুণ একটি একটি ব্যাপার ছিল। এই বিশ্বকাপের পরই ওয়ানডে সংস্করণ থেকে বিদায় নিচ্ছি। তবে দেশের হয়ে নীল জার্সিতে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবো। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না কিন্তু আমার ক্যারিয়ার দীর্ঘায়িত করতে এটি নিতে হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভক্তদেরও, আমাকে নিঃশ্বর্তভাবে ভালোবাসার জন্য।’

 

আফগানিস্তানের এশিয়া কাপের দলে ছিলেন না নাভিন। তবে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত নাম এই পেসার। সর্বশেষ আইপিএলেও খেলেছেন লক্ষ্নৌ সুপার জায়ান্টসের হয়ে। টুর্নামেন্টে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে একটি ম্যাচে বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন।

 

আফগানিস্তানের হয়ে ২০১৬ সালে অভিষেক হলেও এখনো পর্যন্ত মাত্র ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নাভিন। যেখানে তার সংগ্রহ ১৪ উইকেট, সেরা বোলিং ফিগার ৪-৪২। ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে অভিষেক হয়েছিল নাভিনের। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে আবুধাবিতে, আয়ারল্যান্ডের বিপক্ষে।