খুলনাঞ্চল ডেস্ক
নাগোর্নো-কারাবাখে বসবাস করে আসা ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় নিজ দেশ আর্মেনিয়ায় ফিরছেন। রোববার প্রথম ধাপে বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। বিচ্ছিন্ন অঞ্চলটির নেতারা জানিয়েছেন, তারা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চান না। এ ছাড়া জাতিগত নির্মূলের ভয়ও রয়েছে তাদের। কারণ, গত বুধবার ২৪ ঘণ্টার সামরিক অভিযান চালিয়েছে আজারবাইজান সেনাবাহিনী। খবর রয়টার্সের
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আজারবাইজানের হাতে পরাজয়ের পর আর্মেনিয়া কারাবাখের বাসিন্দাদের গ্রহণ করতে প্রস্তুত।
কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু আগে তা দেশটির নিয়ন্ত্রণের বাইরে ছিল। আজারবাইজান বলেছে, অভিযানের মাধ্যমে ওই অঞ্চলকে নিজ ভূখণ্ডে একীভূত করবে।
রিপাবলিক অব আর্টসাখের প্রেসিডেন্ট সামভেল শাহরামানিয়ানের উপদেষ্টা ডেভিড বাবায়ান বলেন, এ ঘটনা সমগ্র বিশ্বের জন্য লজ্জার। এই পরিণতির জন্য দায়ীদের ঈশ্বরের সামনে জবাব দিতে হবে।
কারাবাখের আর্মেনিয়ান নেতারা বিবৃতিতে বলেছেন, আজারবাইজানীয় সামরিক অভিযানের ফলে গৃহহীনদের রাশিয়ান শান্তিরক্ষীরা আর্মেনিয়ায় নিয়ে যাবে।
এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগোর্নো-কারাবাখের ওপর তাঁর দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে ঘোষণা দেন। কারাবাখ বাহিনী আত্মসমর্পণে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজ সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করেন।











































