ঢাকা অফিস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আবারও আলোচনা সামনে এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে পাঠাতে হলে আবেদন করতে হবে। এখন পর্যন্ত কেউ আবেদন করেনি। তবে বিএনপির দাবি, গত ৪ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।
গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে।
পরিবার ও বিএনপির দাবি, সরকারের নির্বাহী আদেশের কারণেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। চিকিৎসা চলাকালে ১৮ সেপ্টেম্বর দণ্ড স্থগিত করে আগের দুই শর্তেই সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ অষ্টমবারের মতো আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এমন প্রেক্ষাপটে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় পৃথক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আবেদন আমার কাছে আসেনি। বিষয়টিতে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তারা আইন মন্ত্রণালয়ের মতামত চাইবে। পরে বিষয়টি দেখা যাবে, এখন কিছু বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দণ্ডাদেশ পেয়েছেন। এরপরও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা ও মহানুভবতায় মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন।’
আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, ‘নতুন করে তো আবেদন করার প্রয়োজন নেই। ৪ সেপ্টেম্বর ম্যাডামকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর আবেদনটি করেন।
প্রতি মাসেই সরকারের কাছে পরিবার আবেদন করছে। এ মাসেও পরিবারের পক্ষ থেকে আবেদনে স্পষ্ট করে তাঁকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সদিচ্ছা থাকলে সরকার জানাতে কিংবা পরিবারের সদস্যদের ফোন করে বলতে পারত। তাদের সবার মোবাইল নম্বর সরকারের কাছে আছে। এ পর্যন্ত যতবার আবেদন করা হয়েছে, ততবারই আইনমন্ত্রী বলেছেন– দেশের আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। ১০ দিন আগেও তিনি একই কথা বলেছেন। এখন কীভাবে তাঁর কথা আমরা বিশ্বাস করব? এরপরও খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকার অনুমতি দিলে একটি কেন আমাদের ১০০ আবেদন জমা দিতেও আপত্তি নেই।’
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সেটআপে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গতকাল সকালে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম খুবই অসুস্থ। গত শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়। বিকেলে অবস্থা স্থিতিশীল হলে আবার কেবিনে নিয়ে আসা হয়। সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি।’











































