Home আঞ্চলিক মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

162

 

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মোটরসাইকেল থেকে পড়ে আইরিন ইসলাম নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরকান্দা উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেল যোগে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে হাটকৃষ্ণপুর সড়কের স্বাধিপুর ব্রিজের ঢালে ওঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, ‘আইরিন ফরিদপুর জেলা শহরে ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। অফিস থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।’