ঢাকা অফিস।।
প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ আরও অনেকে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা বলেন, আমাদের দলে শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার যোগ দিচ্ছেন। তারা ভালো পদে থাকবেন বলে আশা করি। দলের গঠনতন্ত্রে চেয়ারম্যানের পাশাপাশি কো-চেয়ারম্যানের পদও থাকছে।
তিনি আরও বলেন, বিএনপি ভাঙার কোনো ইচ্ছা আমাদের নেই। আর আমাদের দলে যারা যোগ দেবেন তারা বিএনপির কোনো পদে নেই। কাউন্সিলে আরও চমক থাকছে। আরও অনেকে যোগ দেবেন।
অন্তরা হুদা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। এ ছাড়া আমারা কোনো জোটে যাব কি না, সেটিও ঠিক হয়নি।
নির্বাচনে অংশ নিলে যে আমরা সরকারের দালাল হয়ে যাব, এটা ঠিক নয় বলেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় গত বছর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ ও দলীয় চেয়ারপারসন উপদেষ্টা পদ থেকে তৈমুর আলমকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন শমসের মবিন চৌধুরী।
প্রসঙ্গত, প্রয়াত নাজমুল হুদা তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। এই দলের প্রতীক সোনালী আঁশ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রার্থীরা।











































