Home আঞ্চলিক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে আহত

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে আহত

48

বাগেরহাট প্রতিনিধি ||

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে মো. জয়নাল (৩২) নামের এক জেলে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে ঘটনাটি ঘটে।

বন বিভাগ জানিয়েছে, আহত জেলে জয়নালসহ কয়েকজন একটি ট্রলারে করে বিনা অনুমতিতে সুন্দরবনে প্রবেশ করেছিলেন।

আহত জেলে জয়নাল পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর তাকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বরগুনার পাথরঘাটা এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়াও ট্রলারে থাকা বাকিরাও আহত হন। সবাই মাছ ধরতে ‍সন্দরবনে গেছিলেন। বন বিভাগকে ম্যানেজ করে না যাওয়াতে ঘটনাটি ঘটে।

আহত জয়নাল বলেন, সুন্দরবনের কচিখালী-কটকা এলাকার বলেশ্বর নদে মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট বাহিনী (টহল টিম) তাদের (জয়নালসহ কয়েকজন জেলে) ধাওয়া করে। এসময় তারা দ্রুত ট্রলার চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী গুলি করে। এসময় তার ডান হাতে গুলি লাগে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, সকালে আমাদের এখানে গুলিতে আহত এক রোগী আসেন। আহত ব্যক্তির ডান হাতের কনুই এর উপরে (বাহুতে) গুলি লেগে বেরিয়ে গেছে। ক্ষতস্থানের ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি ঢোকা ও বেরিয়ে যাওয়ার দুটি ক্ষত ছিল। হাতের ক্ষত বেশ গুরুতর। তাকে বরিশাল পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের খালে একটি ট্রলার দেখতে পান স্মার্ট টহল দল। থামতে নির্দেশ দিলে তারা না দাঁড়িয়ে ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ট্রলার থেকে কিছু একটা পানিতে ফেলে দেন তারা। তখন বনরক্ষীরা তাদের থামাতে ফাঁকা গুলি ছুড়লে তারা ফোর সিলিন্ডার ট্রলার নিয়ে বন বিভাগের স্পিডবোর্ডে ধাক্কা দেয়। এতে তিন বনরক্ষী নদীতে পড়ে যান। আমাদের স্পিডবোর্ডে ধাক্কা দিলে তা ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন বনরক্ষীরা গুলি চালায়।

তিনি আরও জানান, ট্রলারটিতে ৫-৭ জন ছিলেন। পরে সেখান থেকে খালে পাতা অবস্থায় নিষিদ্ধ বেহেন্দি জাল এবং বনের মধ্যে তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- তারা ট্রলার থেকে হরিণের মাংস পানিতে ফেলেছেন। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।