খবর বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে স্থবির বাংলাদেশের কর্মহীন, ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলায় কন্টিনজেন্ট মোতায়েনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের মহতি কার্যক্রম চলমান রেখেছে। বর্তমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী।

কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে মংলা উপজেলার কাটাবুনিয়া এবং হলদিবুনিয়া এলাকায় ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী ও তালতলী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
এসময় সাধারণ জনগণের মাঝে ১০কেজি বিচিং পাউডার বিতরণ করা হয়। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
বিকাল চার ঘটিকার পর সকল দোকানপাট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ব্যবসায়ীদের বোঝানো হয়। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, মংলা বাজার, মংলা বন্দর, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে।
করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ এবং রাস্তা ও যানবাহনে ১০% ক্লোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ।











































