ঢাকা অফিস।।
জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ দিশাহারা ও নাকাল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সিন্ডিকেটের দৌরাত্ম্য অস্বীকার করায় ব্যবসায়ীরা এখন আরও বেপরোয়া।’
রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় শুক্রবার সাইফুল হক আরও বলেন, ‘বাজারের আগুনে মানুষ আজ বড় অসহায়। এর মধ্যে জীবন টিকিয়ে রাখতে শ্রমজীবী মেহনতি মানুষের রীতিমতো নাভিশ্বাস জন্মেছে। গোটা বাজার ব্যবস্থায় রীতিমতো নৈরাজ্য চলছে। সরকারের সঙ্গে মুনাফাখোর সিন্ডিকেটের অশুভ আঁতাত ও যোগসাজশের কারণেই বাজার পুরোপুরি নিয়ন্ত্রণহীন, বাজারে চলছে চরম স্বেচ্ছাচারিতা। উৎপাদন, সরবরাহ ও মজুতে তেমন কোনো ঘাটতি না থাকলেও প্রায় প্রতিটি খাদ্যপণ্যের লাগামহীনভাবে বেড়েই চলেছে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘স্বল্প আয়ের মানুষের জীবন-জীবিকা নিয়ে মন্ত্রীদের কথাবার্তা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। রাজনৈতিক বিষয়ে মনোযোগ দিতে গিয়ে সরকার মানুষের জীবন-জীবিকার দিকে আর নজর দিতে পারছে না।’ রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মেহনতি মানুষের বাঁচার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান সাইফুল হক।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহ্বায়ক জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীরা মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান, গোলাম রাজিব, ফারুক মণ্ডল, তুহিন খান, আবুল কালাম, রেজাউল করিম, মোহাম্মদ আমির, জুবায়ের হোসেন, শিপন আকন্দ, মোহাম্মদ শাহীন, আমির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।











































