খুলনাঞ্চল ডেস্ক ।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ট্রাভেল পাসের তিন মাসের মেয়াদ শেষ হয়েছে গত সাত সেপ্টেম্বর। গত ৭ জুন তাকে ট্রাভেল পাস দেয়া হয়। কারো পাসপোর্ট হারিয়ে গেলে বিকল্প হিসেবে ব্যবহার হয় এই ট্রাভেল পাস। নির্দিষ্ট এই সময়ে ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমানে মেঘালয় রাজ্যের শিলংয়ে রয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
ট্রাভেল পাস নিয়ে তিনি দিল্লিতে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। চিকিৎসার সময়, হোটেলে অবস্থানের জন্য এই পাস কাজে লেগেছে। গত ৮ মে এই পাসের জন্য আসাম রাজ্যের কাছে আবেদন করেন সালাহউদ্দিন আহমদ। আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তাঁর বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাঁকে খালাস দিয়েছেন। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।
১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন সালাহউদ্দিন। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ক্ষমতায় এলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হন।
সালাহউদ্দিন যখন ভারতে আটক হন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। দেশটিতে আটকাবস্থায় তিনি ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।











































