মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে আবারও মানববন্ধন করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) দুপুরে ১নম্বর জেটি সংলগ্ন নদীর পাড়ে এ মানববন্ধন করেন তারা। এর আগে একই দাবীতে গত মঙ্গলবার (৫সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ করে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদাণ করেন ঘাটে দৈনিক দিনমজুরে খাটা এই শ্রমিকেরা। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোন ব্যবস্থা নেয়নি প্রশাসনের কোন সংস্থাই।
এদিকে আবারও শ্রমিকরা মানববন্ধন করে বলেন, তাদের দৈনিক মজুরী ভিত্তিক শ্রম দিয়ে সংসার চলে। সমাজের তাদের কোন মূল্য নেই। তারা কুলি, তাই কেউ গুরুত্ব দিচ্ছে না তাদেরকে।
তারা আরও বলেন, কিভাবে উপমন্ত্রী ও স্থানীয় সাংসদের উদ্ধোধন করা ঘাট শ্রমিকদের জন্য বিশ্রামের এ সরকারী জায়গা দখল করে মার্কেট নির্মাণ হলো, এটা কেউ ডেকে জিজ্ঞেসও করে না। জনৈক গয়না টিটু তাদের এই জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন। টিটু টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করলেও শ্রমিকদের ম্যানেজ করতে পারবে না। অবিলম্বে এই জায়গা ছাড়তে হবে, না হলে ঘাট থেকে মালামাল উঠানো বন্ধ করে আরও বড় আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। এ সময় বক্তব্য রাখেন মোস্তফা কামাল, আব্দুর রাজ্জাক সরদার, শহিদুল ভূইয়া ও মোঃ সেলিমসহ অন্যান্য শ্রমিকেরা।
গয়না টিটু বলেন, মোংল বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সে জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন।
তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, কেউকে ওই জায়গা বরাদ্দ দেয়া হয়নি। এটা অবৈধভাবে দখল করা হয়েছে। দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।











































