স্পোর্টস রিপোর্টার।।
শেষ হয়েছে ইউরোপীয় ফুটবলের দলবদল। শেষ দিনে এবার বড় কোনো চমকের দেখা মেলেনি। মোহাম্মদ সালাহর জন্য ১৫ কোটি পাউন্ডের প্রস্তাবেও রাজি হয়নি লিভারপুল। শেষ দিনে গিয়ে দলবদল সম্পন্ন করেছেন জোয়াও ফেলিক্স, সোফিয়ান আমরাবাত, রান্দাল কোলো মুয়ানি এবং আনসু ফাতিসহ অনেক তারকা। তেমনই কিছু আলোচিত দলবদল নিয়ে এই প্রতিবেদন।
জোয়াও ফেলিক্স, বার্সেলোনা
অনেক সম্ভাবনা নিয়ে ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। তবে মাদ্রিদের ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে না পারায় এ বছর জানুয়ারির দলবদলে তাকে ধারে চেলসিতে যেতে হয়। গত জুলাইয়ে বার্সেলোনায় খেলার ইচ্ছার কথা জানান ফেলিক্স। তার সেই স্বপ্ন পূরণ হলো। ধারে এবারের দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনায় যোগ দিয়েছেন ফেলিক্স।
বার্সায় ১৪ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।
সোফিয়ান আমরাবাত, ম্যানচেস্টার ইউনাইটেড
দলবদলের শুরু থেকেই আলোচনায় ছিলেন মরক্কোর এই ফুটবলার। বার্সেলোনা-লিভারপুলসহ একাধিক বড় ক্লাবের সঙ্গে জড়িয়ে তার নামও শোনা গিয়েছিল। তবে ভবিষ্যৎ চূড়ান্ত করতে আমরাবাতকে অপেক্ষা করতে হয়েছে শেষ দিন পর্যন্ত। ধারে ফিওরেন্তিনা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন আমরাবাত। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন ‘ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হওয়াটা দারুণ গৌরবের ব্যাপার।’
রান্দাল কোলো মুয়ানি, পিএসজি
বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দিয়েছিলেন তার শট। গোলের সুবর্ণ সুযোগ নষ্টের কারণে বিশ্বকাপের পর থেকে আলোচনায় আছেন রান্দাল কোলো মুয়ানি। তবে দলবদলের শুরু থেকে তার ভবিষ্যৎ গন্তব্য নিয়েও অনেক গুঞ্জন শোনা গেছে। শেষ দিনে পিএসজিতে নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন মুয়ানি। আইনট্রাখট ফ্রাঙ্কফুট থেকে ৯ কোটি ৩০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
জোয়াও কানসেলো, বার্সেলোনা
জোয়াও কানসেলোর বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। দলবদলের শেষ দিনে তিনি ম্যানচেস্টার সিটি থেকে ধারে যোগ দিয়েছেন বার্সায়। পেপ গার্দিওলার সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় গত জানুয়ারিতেই কানসেলো চলে যান বায়ার্ন মিউনিখে। সেখানেও তিনি ধারেই খেলেছিলেন। এরপর মৌসুম শেষে ফিরে যান ম্যানচেস্টার সিটিতে।
আনসু ফাতি, ব্রাইটন
এক সময় তাকে বার্সার ভবিষ্যৎ হিসেবে দেখা হয়েছিল। লিওনেল মেসির পরা ১০ নম্বর জার্সিও তুলে দেওয়া হয়েছিল তার গায়ে। কিন্তু ২০ বছর বয়সী আনসু ফাতিকে শেষ পর্যন্ত হতাশা নিয়েই ছাড়তে হলো বার্সেলোনা। এক বছরের জন্য ধারে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে।
লিওনার্দো বোনুচ্চি, ইউনিয়ন বার্লিন
মাঝে এক মৌসুমের জন্য এসি মিলানে যাওয়া বাদ দিলে ২০১০ সাল থেকে একটানা জুভেন্টাসে খেলেন লিওনার্দো বোনুচ্চি। এবার শুধু জুভেন্টাস নয়, ইতালিই ছেড়ে দিলেন এই কিংবদন্তির ডিফেন্ডার। জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনে যোগ দিয়েছেন বোনুচ্চি। চুক্তি ২০২৪ সাল পর্যন্ত।
মাথেউস নুনেস, ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন মাথেউস নুনেস। ব্রাজিলে জন্ম নেওয়া পর্তুগিজ মিডফিল্ডারের ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হয়েছে। ৫ কোটি ৩০ লাখ পাউন্ডে তাকে উলভারহাম্পটনের কাছ থেকে কিনে নিয়েছে সিটি। নুনেসের নতুন ক্লাবে যোগ দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ইংলিশ ফুটবলে এবারের গ্রীষ্মকালীন দলবদল।
ম্যাসন গ্রিনউড, গেতাফে
ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের কারণে ২১ বছর বয়সী ম্যাসন গ্রিনউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর কোনো ক্লাব পাবেন কি না, তা নিয়েও ছিল শঙ্কা। তবে দলবদলের শেষ মুহূর্তে স্প্যানিশ ক্লাব গেতাফেতে ধারে যোগ দিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।
রায়ান গ্রাভেনবার্চ, লিভারপুল
দলবদলের শেষ মুহূর্তে ২১ বছর বয়সী রায়ান গ্রাভেনবার্চ ৪ কোটি ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দিয়েছেন লিভারপুলে। গত বছর ১ কোটি ৮৫ লাখ ইউরোতে কেনা গ্রাভেনবার্চকে লিভারপুলের কাছে বিক্রি করে প্রায় দ্বিগুণের বেশি লাভ করেছে বায়ার্ন। লিভারপুলে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় গ্রাভেনবার্চ বলেছেন, ‘আমি আনন্দিত যে চুক্তিটা সম্পন্ন হয়েছে। লিভারপুল বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি।’










































