কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
পদ্মা নদীর কোলঘেঁষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১৩ নম্বর চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রতি বছরই ভেঙে চলেছে বিদ্যালয়সংলগ্ন এলাকার নদীপাড়। এরইমধ্যে বিদ্যালয়ের পুরাতন ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে নদীপাড়ে পাকা বাঁধ নির্মাণ বা বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় দুর্ঘটনার শঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীর পাড় ভেঙে চলেছে। তবুও ভাঙনরোধে প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের চারদিকে থইথই পানি থাকে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এতে আতঙ্কে কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার কমেছে। একসময় বিদ্যালয়ে ৩৫০ থেকে ৪০০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১১৬ জন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ পারভীন বলেন, তিনি বিদ্যালয়টির তদারকি করেন। প্রতি বছর ভাঙতে ভাঙতে নদী বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি ভাঙনরোধে ব্যবস্থা নিতে এবং বিদ্যালয়টি নিরাপদ স্থানে স্থানান্তরের করার জন্য নিয়মিত ঊর্ধ্বতন কর্তাদের চিঠি দিয়ে আসছেন।
জানা গেছে, ১৯৬৬ সালে প্রায় তিন বিঘা জমির ওপর ১৩ নম্বর চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ নির্মাণ করা হয়। এটিই চরসাদিপুর ইউনিয়নের প্রথম বিদ্যালয়। প্রায় ২০ বছর ধরে তীরবর্তী কয়েক কিলোমিটার অংশ ভেঙেছে পদ্মা নদী। এরইমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের প্রথম পাকা ভবন, খেলার মাঠ, মসজিদ, আশপাশের কৃষিজমি ও বসতভিটা। বিদ্যালয়ের প্রথম পাকা ভবন ভেঙে যাওয়ার পর পার্শ্ববর্তী এলাকায় ২০০০ সালে বিদ্যালয়ের ভবন পুনর্র্নিমাণ করা হয়।
গত বৃহস্পতিবার চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনটির মাত্র কয়েক হাত দূরেই পদ্মা নদীর কোল, যা বর্ষায় প্লাবিত থাকে। ভবনের পশ্চিম ও পূর্বদিকে প্রায় ২০০ ফুট দূরে নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। বিদ্যালয়ের সংকীর্ণ মাঠে খেলছে শিক্ষার্থীরা।
সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনটি নদীতে, বর্তমান ভবনটিও নদীর কাছাকাছি। খেলার মাঠ নেই। এসব কারণে দিনে দিনে বিদ্যালয়টি ধ্বংসের পথে। কমেছে শিক্ষার্থীর ভর্তি ও উপস্থিতি।
ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ড ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।











































