Home আঞ্চলিক নোনা জমিতে সোনার ফসল

নোনা জমিতে সোনার ফসল

26

কয়রা (খুলনা) প্রতিনিধি।।
জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফসলি জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। অনাবাদি পড়ে থাকছে বিঘার পর বিঘা জমি। তবে সেই নোনা জমিতেই ফসল ফলিয়ে স্বাবলম্বী হয়েছেন কয়রা উপজেলার হাজারো কৃষকসহ বেকার যুবক। এখন সেই দিগন্তজোড়া নোনা জমিতে শোভা পাচ্ছে নানা ধরনের সবজিসহ বারোমাসি তরমুজ। উৎপাদিত ফসলের ভালো দাম পেয়ে কৃষক আরও বেশি জমিতে চাষাবাদ শুরু করেছেন।

কৃষি অফিস সূত্র জানায়, গত বছর ২০০ বিঘা জমিতে ধান ও মাছ চাষের পাশাপাশি বিভিন্ন জাতের তরমুজের আবাদ হয়েছে। এবার তা ৫০০ বিঘা ছাড়িয়েছে। হেক্টরপ্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ টন, যা থেকে আয় হবে সাড়ে ১৩ কোটি টাকা। এ ছাড়া সমন্বিত পদ্ধতিতে ধান, মাছ ও সবজি চাষাবাদ হয়েছে ৪০০ হেক্টর জমিতে। সেখান থেকেও আয় হবে ৭০ থেকে ৮০ কোটি টাকা। সব মিলিয়ে এবার সমন্বিত চাষাবাদে শত কোটি টাকা আয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নোনা জমিতে ফসল আবাদ করে স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা তৌহিদুর রহমান ২০১৬ সালে কৃষি ডিপ্লোমা শেষ করেন। চাকরি না পেয়ে পারিবারিক মাছের ঘেরে মাচা পদ্ধতিতে পরীক্ষামূলক সবজি আবাদ করেন। ফলন ভালো হওয়ায় গত বছর তিন বিঘা জমিতে তরমুজের বীজ বপন করেন। ৩০ হাজার টাকা খরচ করে লাভ হয় ২ লাখ টাকা। এ বছর ৬ বিঘা জমিতে তরমুজের সঙ্গে অন্যান্য সবজিও আবাদ করেছেন। আশা করছেন, ৫ থেকে ৬ লাখ টাকা লাভ থাকবে।

তৌহিদুর রহমানের মতো অনেকেই এখন লবণাক্ত জমিতে সবজিসহ নানা ধরনের ফসল আবাদ করছেন। লবণাক্ত মাটিতে কিছুই হবে না ভেবে যারা মাছের ঘেরের আইলের জমি ফেলে রাখতেন, তারাও ঝুঁকে পড়েছেন চাষাবাদে। অল্প পুঁজি, অল্প শ্রমে বেশি লাভ হওয়ায় মাচা পদ্ধতির এ ফসল ‘সোনার ফসল’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এলাকার খালবিল, জলাশয় ও ঘেরের আইলে করা মাচায় হলুদ ও সবুজ তরমুজের পাশাপাশি শোভা পাচ্ছে লাউ, কুমড়া, ঝিঙা, শসাসহ নানা রকম সবজি। যশোর, বগুড়া, খুলনা ও সাতক্ষীরা থেকে ব্যবসায়ীরা এসে ক্ষেত থেকেই সবজি কিনে নিয়ে যান। প্রতি কেজি সবুজ তরমুজ পাইকারি ৪০-৪৫ টাকা, হলুদ তরমুজ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান কৃষক।

নাকশা গ্রামের কৃষক মালেক সানা বলেন, গত বছর মাঠের তরমুজে খুব একটা লাভ হয়নি। মাচায় লাগানো তরমুজে ২ লাখ টাকা পেয়েছি। তাই এবার জমিও বাড়িয়েছি। একই গ্রামের করিম মোড়ল তিন বিঘায় ৩০ হাজার টাকা খরচ করে তরমুজ ও সবজি চাষ করেছেন। এবার তিনি ৩ লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন।

কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, কৃষকদের লবণ সহনীয় জাতের ফসল চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এর প্রভাবও পড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে, এবার সমন্বিত চাষাবাদে শত কোটি টাকা আয় হবে।