সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
চিরকুট লিখে ক্ষেতে ফেলে রেখে ঝিনাইদহ কালীগঞ্জে রাতের আধারে ৩ কৃষকের প্রায় ২৪ কাঠা জমির ধরন্ত সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। শনিবার সকালে ক্ষেতে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকেরা তাদের সবজি ক্ষেত কাটা দেখতে পান। এ সময় তারা ক্ষেত হতে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেন। এতে হারুন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে তার খোঁজ না মিললে তাদের আরও ক্ষতি করার কথা লেখা রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিরকুটটিতে উল্লেখ করা হয়নি। ক্ষতিগ্রস্থদের মধ্যে কৃষক আজগর আলীর ৭ কাঠা ও আব্দুল মজিদের ১৫ কাঠা ধরন্ত শিম গাছ ও হারুন অর রশিদের ৫ কাঠা মরিচ গাছ কেটে দেয়া হয়েছ্ ে
শনিবার সকালে ক্ষেতগুলোতে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্তদের ক্ষেতে বসেই কান্নাকাটি চোখে পড়ে। তারা কিভাবে দায়দেনা পরিশোধ করে সংসার চালাবেন বলে আহাজারি করছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মজিদ জানান,তার ১৭ কাঠা জমিতে টমেটোর চাষ ছিলো। ক্ষেতের টমেটো বিক্রিও করছিলেন। কিন্ত গত রাতে কে বা কারা সেই ধরন্ত গাছ কেটে দিয়েছে। তিনি বলেন, তার কারও সঙ্গে শত্রুতা নেই। কেন তার এমন ক্ষতি করলো। তিনি বলেন, ধার দেনা করে গ্রীষমকালীন ব্যয়বহুল টমেটোর চাষ করেছিলেন। ধারদেনার মাধ্যমে বেশ টাকা খরচ করেছেন। এখন কি করে ধারদেনা পরিশোধ করবেন সে চিন্তায় আছেন।
ওই গ্রামের ক্ষতিগ্রস্থ আরেক কৃষক আজগর আলী জানান, আমার পাঁচ কাঠা জমিতে শিম লাগানো ছিলো। সেই ধরন্ত শিম গাছ রাতে প্রায় সব কেটে ফেলেছে কারা। সকালে জমিতে কাজ করতে এসে দেখি প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। পাশেই ঝাল চাষ ছিলো তাও কাটা রয়েছে। আমার এই চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। যে ক্ষতি তারা করেছে এ পুষিয়ে ওঠা সম্ভব না। অনুরুপভাবে ওই গ্রামের হারুন অর রশিদ নামের আরেক কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত শিমগাছ কেটে দিয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সবজিক্ষেত কেটে দেয়ার ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি। দিলে অবশ্যই ব্যবস্থা নিবেন। তবে ভরা সবজিক্ষেত কেটে দেয়া অত্যন্ত অমানবিক কাজ।











































