খবর বিজ্ঞপ্তি||
এই ধরণের আয়োজন শুধু দুই দেশের মধ্যে ভাতৃত্ববোধই মজবুত করবে না, এমন আয়োজনে মানুষের মধ্যে চিন্তা চেতনার বিকাশ ঘটাবে। পরিবেশ, সমাজ উন্নয়ন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ের উপর ছবি প্রদর্শন করা হয়। যা দেখে মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েছে।
ভারত-বাংলাদেশের চিত্রশিল্পীদের সমন্বয়ে তিন দিনের ইন্টারন্যাশনাল ছবি মেলার সমাপনীতে বক্তারা এসব কথা বলেন। শনিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের চেয়ারম্যান রকিব হাসান, সহকারী অধ্যাপক বিমানেষ চন্দ্র বিশ্বাস, বিভাগীয় গণগ্রন্থাকারের উপ-পরিচালক মোহাম্মদ হমিদুর রহমান এবং কলকাতা থেকে আগত ভাস্কর বিমান নাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় ৭১’র সভাপতি আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, অম্লান বিশ্বাস ও অনামিকা সাহা তিন্নি, সঞ্চালনা করেন ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’র সাধারণ সম্পাদক অনিবার্ণ রানা ও বিজয় ৭১’র সাধারণ সম্পাদক সলিম মাহবুব। কোলকাতার ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’র উদ্যোগে এবং খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয়’ ৭১’র ব্যবস্থাপনায় তিন দিনের এ ইন্টারন্যাশনাল ছবি মেলা উপভোগ করতে প্রতিদিনই মানুষের ভিড় দেখা যায়। যেখানে দুই বাংলার শিল্পীদের অর্ধশত ছবি প্রদর্শিত হয়। এছাড়া সিদ্ধান্ত হয় বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার অংশগ্রহণকারী শিল্পীদের সমন্বয়ে একটি স্মরণিকা প্রকাশিত হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ভাষা, সংস্কৃতিসহ ভারতের কোলকাতার সাথে আমাদের একটি অনিন্দ মিল রয়েছে। এছাড়া আত্মীয়ের বন্ধনেও আমরা আবদ্ধ। মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান অনশীকার্য। তাই দুই দেশের মধ্যকার এ জাতীয় আয়োজন আমাদের আগামী প্রজন্মকে আরও বেশী উৎসাহিত করবে।











































