স্পোর্টস ডেস্ক।।
লিটন দাসের জ্বর কমেনি, তাই এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এখনই তার বিকল্প হিসেবে কাউকে শ্রীলংকায় পাঠাচ্ছে না।
আগামীকাল বুধবার পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে খেলতে আসা নেপাল। পর দিন শ্রীলংকার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তবে জ্বর সেরে না ওঠায় মঙ্গলবারও রওনা দিতে পারেননি লিটন।
বাংলাদেশকে প্রথম ম্যাচে লিটনকে ছাড়াই খেলতে হবে। দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটি নিশ্চিত করেছেন।
নান্নু বলেন, ‘লিটন দাসকে আমরা প্রথম ম্যাচে পাব না। এখন পর্যন্ত কোনো ব্যাকআপ পাঠানোর পরিকল্পনা নেই আমাদের। কালকে পর্যন্ত দেখি। লিটন শ্রীলঙ্কায় যাবে নাকি সরাসরি পাকিস্তানে যাবে, সেটি আসলে মেডিকেল বিভাগ আমাদেরকে সবুজ সংকেত দেওয়ার পর বলা যাবে। আমরা অপেক্ষা করছি।’
এশিয়া কাপে হাইব্রিড মডেলে শ্রীলংকায় প্রথম ম্যাচ খেলে এরপর পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। যেখানে আগামী রোববার লাহোরে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে সুপার ফোরের প্রথম ম্যাচও লাহোরে খেলবে বাংলাদেশ। ফলে লিটনকে শ্রীলংকায় না পাঠিয়ে সরাসরি পাকিস্তানেই নেওয়া হবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।











































