Home আঞ্চলিক খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

44

স্টাফ রিপোর্টার।।
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিয়া বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৯ আগস্ট) খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া খুলনায় গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১১২ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১ হাজার ১০১ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা জেলায় ডেঙ্গুতে মারা গেছেন সাতজন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, ডেঙ্গুতে মারা যাওয়া রিয়া বেগম পিরোজপুর সদরের বাসিন্দা। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার (২৭ আগস্ট) বিকেলে খুমেক হাসপাতালে ভর্তি হন। সোমবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে।