Home আঞ্চলিক বাথরুমের পাশে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়ে ছিল শিশু

বাথরুমের পাশে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়ে ছিল শিশু

54

কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রায় সাদা কাপড় দিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় আরাফাত হোসেন (১২) নামের একটি শিশুকে উদ্ধার করেছেন এলাকাবাসী। উদ্ধার করার সময় সে অচেতন ছিল।

রোববার (২৭ আগস্ট) বিকেল ৫টায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের ট্যাংকের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। শিশুটি এখনো কথা বলতে পারছে না। সে একটু স্বাভাবিক হলে বিষয়টি জানা যাবে।

শিশু আরাফাত কয়রা উপজেলার ভান্ডারপোল ইউনিয়নের প্রবাসী আক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র।

এলাকাবাসী জানান, গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বাথরুমের ট্যাংকের পাশে শিশু আরাফাতকে অচেতন অবস্থায় সাদা কাপড় দিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।