ক্রীড়া প্রতিবেদক।।
এবারের বসুন্ধরা গ্রুপের তৃতীয় বিভাগের সর্বোচ্চ গোলদাতা রাকিবুর রহমান রাতুল আবির। তবে এককভাবে নয়। মুসলিম ইনস্টিটিউটের তামিমের সাথে যৌথভাবে।
আবিরকে ফুটবরার বানাতে কষ্ট কম হয়নি তার বাবা জামাল হোসেনের। নিজের গরুর খামার বিক্রি করেছেন তিনি। উপজেলা পাথরঘাটা ছেড়ে আসতে হয়েছে বরগুনা জেলা শহরে।
ছোট বেলা থেকেই ফুটবলে আসক্তি আবিরের। পড়ালেখায় মনযোগ কম। বাবাও আর বাধা দেননি। এরপর তার ভাবনায় ছিল ছেলেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি করাবেন। বরগুনা সদরের কোচ মীর বদিউর রহমানের পরামর্শে ছেলেকে তার কাছেন পাঠান প্র্যাকটিস করতে। কিন্তু প্রতিদিন পাথরঘাটা থেকে বিষখালী নদী পার হয়ে ২০ কিলোমিটার দূরের জেলা সদরে যাওয়া আসা খুবই কঠিন ছিল। ফলে বাধ্য হয়ে নিজ এলাকা ছেড়ে পুরো পরিবার নিয়ে জেলা শহরে চলে যান বাবা জামাল। ছেলের জন্য এই স্থান ত্যাগ করতে নিজের গরুর খামারও বিক্রি করতে হয়েছে তাকে।
জামাল জানান, ‘পাথরঘাটায় আমার ১০টি গরু নিয়ে ডেইরি খামার ছিল। প্রতিদিন ৬০ কেজি করে দুধ পেতাম। এতে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হতো। কিন্তু ছেলে ফুটবলার হবে, এই আশায় আমাকে খামারটি বিক্রি করতে হয়েছে। কারণ জেলা সদর থেকে প্রতিদিন গিয়ে ওই খামার দেখা-শোনা করা হচ্ছিল না। তাই ২০১৯ সালে খামারটি বিক্রি করে দেই।’
উপজেলায় গরুর খামার আর জেলা শহরে ঠিকাদারীর ব্যবসায় ছিল জামালের। অবশ্য এরপর করোনাকালে তার নির্মাণকাজের ওই ঠিকাদারী ব্যবসায় ভয়াবহ ক্ষতি হয়। তার জের এখনো টানছেন তিনি।
এবার ছেলের দলের খেলা ও শিরোপা উৎসব দেখতে স্ত্রী, বড় ছেলের বউসহ ঢাকার কমলাপুর স্টেডিয়ামে হাজির হন জামাল। মা-বাবার উপস্থিতিতে ওই ম্যাচে জোড়া গোল করেই যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আবির।
আবির এবার তৃতীয় বিভাগ লিগে খেলেছেন। ১২ ম্যাচে ১১ গোল করেছেন। ক’দিন পরেই আবির বিকেএসপির হয়ে ভারত যাবেন সুব্রত কাপ খেলতে। তার স্বপ্ন ভবিষ্যতে জাতীয় দলে খেলা।











































