Home আঞ্চলিক খুমেক হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যকে জেল-জরিমানা

খুমেক হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যকে জেল-জরিমানা

76

জাহিদুর রহমান।।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি নয় জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

রোববার (২৭ আগস্ট) খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। ১৫ দিনের জেল ও এক হাজার টাকা জারিমানার দণ্ডপ্রাপ্তরা হলেন, জ্যোতির্ময় শীল (২৮) ও লিটন মণ্ডল (৩২)। বাকি নয় জন হলেন, শিফাজুর রহমান, রিয়াজুল ইসলাম, ফিরোজা খাতুন, ফারুক হোসেন, ওসমান শেখ, রিয়া বেগম, আরাফাত আকুঞ্জি, আব্দুল্লাহ আল মামুন ও গোলম রাব্বানী।

রোববার (২৭ আগস্ট) সকাল থেকে খুমেক হাসপাতালের দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর সদস্যরা। এ সময় হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বাইরের বেসরকারি ক্লিনিক থেকে দালাল সন্দেহে অনেককে ধরে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের জিজ্ঞাসাবাদ করে ১১ জনকে আইনের আওতায় এনে কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। জিজ্ঞাসাবাদ শেষে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, সাধারণ রোগীদের কথা মাথায় রেখে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র দালাল মুক্ত করতে চাই। এর জন্য আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।