স্টাফ রিপোর্টার।।
আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে যাওয়ায় খুলনা অঞ্চল থেকে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি কমেছে। এতে আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয় কমেছে প্রায় ১৪০ কোটি টাকা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয় ৩৩ হাজার ২৭১ টন। এ থেকে আয় হয় ২ হাজার ৯৬৩ কোটি টাকা। কিন্তু গত অর্থবছরে মাছ রপ্তানির পরিমাণ কমে দাঁড়ায় ২৮ হাজার ৩১৬ টনে। এ থেকে আয় হয় ২ হাজার ৮২৩ কোটি টাকা।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে ২ লাখ ৬ হাজার ২৩২টি। এগুলোর আয়তন ১ লাখ ৮৪ হাজার ৫২০ হেক্টর। রপ্তানি ও আয় কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদক ও রপ্তানিকারকরা। এ অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানিকারক ২৬টি কারখানার কর্মকর্তা-কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা লিপটন সরদার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপজুড়েই কিছুটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সে কারণে ইউরোপের দেশগুলোতে চিংড়ি ও অন্যান্য মাছের চাহিদা এবং মূল্য কমে গেছে। যুদ্ধ শুরুর পরই ওই সব দেশ থেকে অর্ডার আসা কমে গেছে। এ দেশ থেকে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির প্রায় ৮০ ভাগ যায় ইউরোপের দেশগুলোতে। রাশিয়া ও ইউক্রেনেও মাছ রপ্তানি হয়। যুদ্ধ শুরুর পর থেকে এ দুই দেশে রপ্তানি হচ্ছে আগের তুলনায় ৩ ভাগের ১ ভাগ। ইউরোপের দেশগুলোতে চিংড়ির মূল্য ২০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।
এ ব্যাপারে রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্রাইট ও মডার্ন সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক বলেন, আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে যাওয়ায় রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়েছে। বিদেশের ক্রেতারা মূল্য পরিশোধেও দেরি করছে। কারণ ক্রেতারা যেখানে চিংড়ি বিক্রি করছে, সেখান থেকে সময়মতো মূল্য পাচ্ছে না। প্রিয়াম সি ফুডসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আবদুল কাদের বলেন, দেশে চিংড়ির সংকট রয়েছে। এ ছাড়া বিদেশে চাহিদা ও মূল্য আগের তুলনায় কম।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে, আগে প্রতিবছর রাশিয়ায় প্রায় ৬০ কোটি ও ইউক্রেনে ১১ কোটি টাকার চিংড়ি রপ্তানি হতো। যুদ্ধ শুরুর পর এসব দেশে রপ্তানি ৩ ভাগের ২ ভাগ কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য অফিসের একজন কর্মকর্তা বলেন, স্থানীয় ব্যবসায়ী ও চিংড়ি সরবরাহকারীদের কেউ কেউ এখন আর রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোতে চিংড়ি সরবরাহ করতে চায় না। কারণ, সেখানে সরবরাহ করতে হয় বাকিতে। দেশের বাজারে সরবরাহ করলে দাম পাওয়া যায় নগদে। সে কারণে রপ্তানিকারক কিছু কিছু প্রতিষ্ঠান চিংড়ির সংকটে ভুগছে।
তিনি জানান, অর্থনৈতিক মন্দার কারণে অনেক দেশ এখন বাগদা ও গলদা চিংড়ির পরিবর্তে অপেক্ষাকৃত কম মূল্যের ভেনামি চিংড়ি কেনে। বাংলাদেশ থেকে বিদেশে যায় গলদা ও বাগদা চিংড়ি। আগে ভেনামি চিংড়ি চাষের অনুমতি না থাকলেও দেশে এ বছর থেকে ভেনামির বাণিজ্যিক চাষের অনুমতি মিলেছে। চলতি বছর ১০ জন চাষি ভেনামি চিংড়ি চাষ শুরু করেছেন।
এ ব্যাপারে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে। মৎস্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে চেষ্টা করছে।-সমকাল











































