Home খেলাধুলা মারা গেছেন সাবেক রেসলিং চ্যাম্পিয়ন ব্রে ওয়াইট

মারা গেছেন সাবেক রেসলিং চ্যাম্পিয়ন ব্রে ওয়াইট

65

ক্রীড়া ডেস্ক।।

জনপ্রিয় প্রো-রেসলিং তারকা ব্রে ওয়াইট মারা গেছেন। মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। স্যোশাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডব্লিউডব্লিউই এর চিফ ক্রিয়েটিভ অফিসার ‘ট্রিপল এইচ’।

ব্রে ওয়াইটের প্রকৃত নাম উইন্ডহাম রটুন্ডা। বেশ কয়েকমাস ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং প্রফেশনাল রেসলিংয়ে পারফর্ম করছিলেন না। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রফেশনাল রেসলিংয়ের অনেক তারকা ও কিংবদন্তীরা।

২০০৯ সালে ডব্লিউডব্লিউই’র এনএক্সটি ব্র্যান্ডে অভিষেক হয় রটুন্ডার। এরপর ২০১০ সালে যুক্ত হন মূল রোস্টারে। সেসময়ের জনপ্রিয় রেসলিং টিম ‘দ্য নেক্সাসে’র অন্যতম সদস্য ছিলেন তিনি। তার নাম তখন হাস্কি হ্যারিস। তবে তিনি সাফল্যের চূড়ায় ওঠেন ২০১৪ সালের পর থেকে। ব্রে ওয়াইট চরিত্র তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দেয়। গঠন করেন নতুন স্টেবল ওয়াইট ফ্যামিলি। এরপর ‘দ্য ফিয়েন্ড’ নামে এক ভৌতিক চরিত্রের অবতারণ করেন ব্রে ওয়াইট। দুইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন এবং দ্য আন্ডারটেকার, র‌্যান্ডি অরটন ও জন সিনার মতো তারকার সঙ্গে রাইভালরি তাকে আরও জনপ্রিয় করে তোলে।

এক্স এ দেওয়া পোস্টে ট্রিপল এইচ বলেন, `ডব্লিউ ডব্লিউই হল অব ফেমার মাইক রটুন্ডা আমাকে জানালেন যে আমাদের পরিবারের উইন্ডহাম রটুন্ডা আর নেই। তিনি ব্রে ওয়াইট নামেও পরিচিত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আর সবাইকে তাদের প্রাইভেসিকে সম্মান করার অনুরোধ জানাই।‘

মূল ধারার খেলা না হলেও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় প্রফেশনাল রেসলিং। স্ক্রিপ্টেড এই পারফর্মিং স্টান্ট এর ওপর গড়ে উঠেছে বিলিয়ন ডলারের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। ডব্লিউডব্লিউিই, এইডব্লিউ, ইমপ্যাক্ট রেসলিং, রিং অব অনারের মতো কোম্পানির অনেক তারকা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়।