স্টাফ রিপোর্টার।।
নগরীতে ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশ সর্বদা খুলনার গণমানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। এ প্রতিজ্ঞা নিয়েই খুলনা মহানগর পুলিশ কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট থেকে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী, অনলাইন জুয়াড়ী, ইভটিজার, ভূমিদস্যু, মাদক বিক্রেতাসহ নানান ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৩ আগস্ট পৌনে ১০টার দিকে সোনাডাঙ্গার আল ফারুক মোড়ের বাপ্পীর বাড়ির ভাড়াটিয়া সুমন মিস্ত্রী (৩৬) কে গ্রেফতার করা হয়। সে পিরোজপুরের নাজিরপুর গাউখালীর কৃষ্ণ মিস্ত্রির পুত্র। পরবর্তীতে গোপালগঞ্জের মোকসেদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট সদরের খারদার এলাকার শামছু শেখের ছেলে লিটন শেখ (৪০) গ্রেফতার করা হয়। তার বাসা থেকে খুলনা থানার মামলায় (নং-২৩, ০৯-৮-২০২৩ইং) চোরাই যাওয়া একটি Apache RTR 160 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে সুমন মিস্ত্রী ও লিটন শেখের স্বীকারোক্তিতে লিটন শেখের হেফাজতে থাকা ভাড়াটিয়া বাসা হতে খুলনা নগরীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে একটি লাল রংয়ের Pulsar 150 CC, একটি লাল ও কালো রংয়ের Pulsar 150 CC, একটি নীল রংয়ের Apache RTR 160 CC, একটি কালো রংয়ের Apache RTR 150 CC এবং একটি লাল কালো রংয়ের Discover 100 CC সর্বমোট ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন মিস্ত্রী এর বিরুদ্ধে একটি মামলা এবং লিটন শেখের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
তিনি আরো বলেন, গত ১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত অবৈধ পিস্তল উদ্ধার ৪টি, পিস্তলের ম্যাগজিন উদ্ধার ৪টি, পিস্তলের গুলি উদ্ধার ১৫ রাউন্ড, চাইনিজ কুড়াল উদ্ধার ৩টি, চাপাতি উদ্ধার ৪টি, মোটরসাইকেল উদ্ধার ১৪টি, বৈদ্যুতিক আর্থিং কেবল উদ্ধার ৩০ মিটার, জাল নোট উদ্ধার ৫টি, ইজিবাইক উদ্ধার ৩টি, ট্রাক উদ্ধার ১টি, মাদকদ্রব্য গাঁজা-২৫ কেজি ১১০ গ্রাম, দেশী ও বিদেশী মদ ১৭৮ লিটার এবং ইয়াবা ৩ হাজার ৫৭২পিস উদ্ধার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (খুলনা জোন) এসএম বায়জীদ ইবনে আকবর, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) ইমদাদুল হক এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল-মামুন।











































