মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মেয়াদ শেষ হলেও নির্বাচন না দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ‘মোংলা বন্দর ষ্টিভিডিরং ওয়েলফেয়ার সংঘে’র নেতাদের বিরুদ্ধে। সংঘের সভাপতি মানিক মোল্লা ও সাধারণ সম্পাদক বাবুল ফকিরের বিরুদ্ধে অভিযোগ এনে এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নির্বাচন চেয়ে সাধারণ সদস্যরা লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন দেয়ার বিধান থাকলেও মেয়াদ উত্তীর্ণ সংঘের নেতা-কর্মীরা নির্বাচন না দিয়ে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে রেখেছেন। এ পরিষদের মেয়াদ শেষ হয়েছে ২০২২সালের ১০অক্টোবর। কিন্তু নানা অজুহাত দেখিয়ে সংঘের নেতারা নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা না করে নানা তালবাহানা করে চলেছেন। এছাড়া সংঘের নামে উত্তরা ব্যাংকের মোংলা শাখার দুইটি একাউন্টে ১লাখ ৩৬হাজার সরকারি অনুদান হিসেবে জমা থাকলেও সেই টাকা তারা তছরুপ করেছেন। এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট বা বিবরণী না থাকার কারণে একাধিকবার তারিখ দিয়েও উপজেলা সমাজসেবা অফিসার অডিট করতে পারেননি। অভিযোগে আরও বলা হয়, নতুন নির্বাচনের জন্য সংঘের সকল সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। কিন্তু নির্বাচন দিচ্ছেনা বর্তমান নেতারা। তবে বিধি অনুযায়ী সাধারণ নির্বাচন না দেয়া ও তহবিল তছরুপ দেশের প্রচলিত শ্রম আইন, সমাজসেবা নীতিমালা ও সংঘের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। এসব বিষয়ে মোংলা উপজেলা সমাজসেবা ও বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোন সুরহা হচ্ছেনা বলে জানান সংঘের সাবেক সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
মেয়াদ শেষ হলেও নির্বাচন না দেয়া ও সংঘের নামে টাকা তছরুপের বিষয়ে মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি মানিক মোল্লা দাবী করে বলেন, সংঘের লাইসেন্সের অডিট শেষ না হওয়ায় নির্বাচন দেয়া যাচ্ছেনা।
আর সংঘের নামে ব্যাংকে রাখা টাকা তছরুপের বিষয়ে সাধারণ সম্পাদক বাবুল ফকির বলেন, টাকাটা তছরুপ হয়নি, এই টাকা সংঘের সাংগঠনিক সম্পাদক জুয়েল শিকারী ও মেম্বর আঃ সালাম ও দিদার কাজীকে ধার হিসেবে দেয়া হলেও এখনও তারা টাকাটা ফেরত দেয়নি।
এ বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করে মোংলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মাসুদ রানা বলেন, এ সংক্রান্ত বিষয়ে সংঘের সভাপতি মানিক মোল্লা ও সাধারণ সম্পাদক বাবুল ফকিরকে অফিসে ডেকে ব্যাখ্যা চাইলে তারা খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের দোহাই দেন। সে নির্বাচন হয়ে গেলেও এখনও পর্যন্ত নির্বাচন না দেয়ায় এই অবৈধ কমিটির বিরুদ্ধে আগামী সপ্তাহে বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।











































