স্পোর্টস ডেস্ক।।
ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটির বিপক্ষে ৩-৩ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল মায়ামি। পিছিয়ে পড়া দলকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচে জোড়া গোল দিয়ে মায়ামির জয়ের নায়ক লিও কাম্পানা ম্যাচ শেষে ফাঁস করেছেন জয়ের জন্য সতীর্থদের কী বলে উদ্বুদ্ধ করেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এ সময় মেসির নেতৃত্বের গুণের প্রশংসা ঝড়েছে কাম্পানার কণ্ঠে।
কাম্পানা বলেছেন, ‘সে (মেসি) আমাদের বিশ্বাস রাখতে বলেছে। সে আমাদের বলেছিল যে আমরা জিততে যাচ্ছি। তারপর আমরা মাঠে যা করেছি, আমরা কখনোই ব্যর্থ হব না। তিনি এমন ধরনের নেতা- যে প্রতিটি খেলায়, প্রতিটি প্রশিক্ষণে, প্রতিটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে (সতীর্থদের সঙ্গে) কথা বলতে চান।’
সেমিফাইনালের এই ম্যাচে সরাসরি গোল করতে না পারলেও তার সহায়তায় হয়েছে জোড়া গোল। এদিন লুসিয়ানো অ্যাকোস্তার ১৮ মিনিটে করা গোলে প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে ছিল সিনসিনাটি। ৫৩ মিনিটে ব্রান্ডন ভাসকেজের গোলে সেটাই ২–০। ৬৮ মিনিটে মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন কাম্পানা। ম্যাচের একবারে শেষ মুহূর্তে, সিনসিনাটির জয় যখন অল্প কিছু সময়ের ব্যাপার তখন আবারও এগিয়ে আসেন মেসি। তার অ্যাসিস্টে আবারও গোল করেন কাম্পানা।
২–২ গোলে মায়ামি সমতায় ফেরার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশির পাস থেকে বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করে মায়ামিকে ৩–২ গোলে এগিয়ে দেন হোসেফ মার্তিনেজ। অতিরিক্ত সময়ে পরের অর্ধে ১১৪ মিনিটে বক্সের ভেতর থেকে বল ‘ক্লিয়ার’ করতে পারেননি মায়ামির ডিফেন্ডার। সুবিধামতো জায়গায় বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে গোল করে ম্যাচের স্কোর ৩–৩ করেন সিনসিনাটির জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ুয়া কুবো। পরে টাইব্রেকারে গড়ানো ম্যাচ ৫-৪ ব্যবধানে জিতে নেয় মায়ামি।








































