যশোর অফিস ও অভয়নগর প্রতিনিধি।।
যশোরে ডাকাত হানা দিয়েছে মাইকে এমন ঘোষণা দেয়ার পর গ্রামবাসীর গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৪০)। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ভোরে গ্রামের মাইকে কে বা কারা ঘোষণা দেয় জুলফিকার গাজীর শ্বশুরবাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। এই ঘোষণা শোনার পর গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়ে ৬-৭ জনকে বের করে মারধর করে।
এতে মাসুদ রানা নামে একজন ঘটনাস্থলে মারা যান। এছাড়াও আহত হন চারজন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতাল ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, একদল যুবক গভীর রাতে গাইদগাছি গ্রামের একটি বাড়িতে বসে নেশা করছিলো।
এসময় পূর্ব শত্রুতার জের ধরে আরেকদল যুবক তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে চারজন গুরুতর আহত হন। আর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











































