Home জাতীয় ‘ডেঙ্গু কোথায় গিয়ে থামবে বলা যাচ্ছে না’: আরও ১০ মৃত্যু হাসপাতালে ২১৩৪

‘ডেঙ্গু কোথায় গিয়ে থামবে বলা যাচ্ছে না’: আরও ১০ মৃত্যু হাসপাতালে ২১৩৪

42

 

ঢাকা অফিস।।

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্তমানে কিছুটা নিম্নমুখী হলেও এই প্যান্ডেমিক কোথায় গিয়ে থামবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ৩৩তম সপ্তাহে এসে ডেঙ্গু সংক্রমণ কিছুটা নিম্নমুখী দেখা গেছে। ডেঙ্গুতে আক্রান্তের দিক থেকে পুরুষরা এগিয়ে থাকলেও নারীদের মৃত্যু বেশি হচ্ছে। গতকাল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, যেকোনো প্যান্ডেমিকই একটি নির্দিষ্ট সময় শুরু হয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ হয়। তবে এ বছর ডেঙ্গুর গন্তব্য কোথায় গিয়ে থামবে, সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না। এখনো ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ছয় শতাধিক ডেঙ্গু শয্যা ফাঁকা আছে।

ডা. শাহাদাত বলেন, গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

আমরা দেখেছি, নারীদের তুলনায় পুরুষরা বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুতে পুরুষদের আক্রান্তের হার ৬২ দশমিক ৪ শতাংশ হলেও নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে আশঙ্কাজনক বিষয় হলো, আক্রান্তের দিক থেকে পুরুষরা এগিয়ে থাকলেও নারীদের মৃত্যু বেশি হচ্ছে। গত এক সপ্তাহে ৪৬ নারীর বিপরীতে পুরুষ মারা গিয়েছে ৩৩ জন। ডেঙ্গু আক্রান্ত নারীদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন এবং ২ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৯৯ হাজার ৯৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৭৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাকিব আহমেদ (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলাটিতে দুজনের মৃত্যু হলো। রাকিব শহরের দিয়ার ধানগড়া মহল্লার নওশাদ আলীর ছেলে। জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭৬ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৯ জন।