স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুর ধাক্কা সামলে বোর্নমাউথকে ৩-১ গোলে উড়িয়ে দিল লিভারপুল। চলতি মৌসুমে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের প্রথম জয়ে আলো ছড়ালেন লুইস দিয়াস, মোহামেদ সালাহ, দিয়েগো জটারা। যদিও ম্যাচে আধ ঘণ্টারও বেশি সময় দশ জন নিয়ে খেলেও কাঙিক্ষত জয় তুলে নিয়েছে দলটি।
শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামে লিভারপুল। যেখানে অ্যান্টোনি সেমেনিওর গোলে পিছিয়ে পড়া ‘অলরেড’দের সমতায় ফেরান দিয়াস। পরে সালাহ ও জটা গড়ে দেন ম্যাচের ভাগ্য। এর আগে চেলসির বিপক্ষে ১-১ ড্র দিয়ে লিগ মৌসুম শুরু করেছিল লিভারপুল।
খেলার তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। বক্সের বাইরে থেকে সেমেনিওর শট এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। গোলরক্ষক আলিসন তেমন কিছু বুঝে উঠতে পারেননি।
লিভারপুল শিবিরে সমতার স্বস্তি ফেরে দিয়াসের দৃষ্টিনন্দন গোলে। জটার পাস এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় দিয়াসের কাছে। বুটের টোকায় কিছুটা উপরে তুলে নিখুঁত ভলিতে জাল খুঁজে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড। আগের ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি।
ম্যাচের ৩৫তম মিনিটে জো রথওয়েল বক্সের ভেতরে সোবোসলাইকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে হলুদ কার্ড দেখেন নেতো। পরে সালাহর স্পট কিক প্রথম প্রচেষ্টায় ফিরিয়ে দিলেও ফিরতি শট আটকাতে পারেননি ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। এগিয়ে যাওয়ার স্বস্তি নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
৫৮তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় লিভারপুল। রায়ান ক্রিস্টিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আলেক্সিস মাক আলিস্তের। তবে দলের শক্তি ক্ষয়ে গেলেও ভেঙে পড়েনি লিভারপুল, খেলতে থাকে গতিময় আক্রমণাত্মক ফুটবল। ৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। সোবোসলাইয়ের নিচু শট নেতো ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা জটা ফিরতি সুযোগ কাজে লাগান দারুণভাবে।











































