নিজস্ব প্রতিনিধি||
মাগুরা সদরের বজরুর শ্রীকুন্ঠি, মালিকগ্রাম, ধলহরা, শত্রুজিৎপুর, বাটাজোর, শালিখার গঙ্গারামপুর, বুনাগাতি, পুলুম, কাটিগ্রাম, মনোখালি, বৈখালি থেকে নড়াইল রোডের পাশে অনেক স্থানেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য তালগাছ।
যা দেখলেই মনে পড়ে যায় রবি ঠাকুরের লেখা তালগাছ শিরোনামের কবিতাটি ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে/সব গাছ ছাড়িয়ে/উঁকি মারে আকাশে। মনের সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়/একেবারে উড়ে যায়; কোথা পাবে পাখা সে?’
সত্যি তাই! একপায়ে দাঁড়িয়ে থাকা এই তালগাছগুলো যেন ডানা মেলে আকাশপানে উড়ে যেতে চায়। আর সেটা কেউ না বুঝলেও ঠিকই বুঝেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকলে কি হবে! পাকা তালের পিঠার জুড়ি নেই। আর কাঁচা তালের সাঁস খেতে দারুণ সুস্বাধু। তাছাড়া তালের রস খেতে ভীষণ মিষ্টি। তবে দিনকে দিন তালগাছ নিধন করাতে আগামী প্রজন্ম বঞ্চিত হচ্ছে তা থেকে অনেকাংশে। এটি এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মকালীন গাছ। এই গাছের ফলকে তাল বলা হয়। এরা এরিকাসি পরিবারের বরাসুস গণের একটি সপুষ্পক উদ্ভিদ। এর আদিবাস মধ্য আফ্রিকা। তাল গাছ পাম গোত্রের অন্যতম দীর্ঘ গাছ যা উচ্চতায় ৩০ মিটার বা ১০০ ফুট পর্যন্ত পৌছতে পারে।
তালের পাতা পাখার মতো ছড়ানো তাই বোরাসাস গণের পাম গোত্রীয় গাছগুলিকে একত্রে ফ্যান-পাম বলা হয়। তাল ভারতীয় উপমহাদেশীয় অনেক অঞ্চলেরই জনপ্রিয় গাছ কারণ এর প্রায় সব অঙ্গ থেকেই কিছু না কিছু কাজের জিনিস তৈরি হয়, প্রায় কিছুই ফেলা যায় না। তাল পাতা দিয়ে ঘর ছাওয়া, হাতপাখা, তালপাতার চাটাই, মাদুর, আঁকার পট, লেখার পুঁথি, কুণ্ডলী, পুতুল ইত্যাদি বহুবিধ সামগ্রী তৈরি হয়।
তালের কাণ্ড দিয়েও বাড়ি, নৌকা, হাউস বোট ইত্যাদি তৈরি হয়। তালের ফল এবং বীজ দুইই বাঙালি খাদ্য। তালের ফলের ঘন নির্যাস থেকে তাল ফুলুরি তৈরি হয়। তালের বীজও খাওয়া হয় লেপা বা ‘তালশাঁস’ নামে।
তাল গাছের কাণ্ড থেকেও রস সংগ্রহ হয় এবং তা থেকে গুড়, পাটালি, মিছরি, ইত্যাদি তৈরি হয়। তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাসিয়াম, আয়রণ ও ক্যালসিয়ামসহ আরো অনেক খনিজ উপাদান। এর সঙ্গে আরো আছে অ্যান্টি অক্সিডেন্ট ও এ্যান্টি ইনফ্লামেটরি উপাদান।
মাগুরা বজরুর শ্রীকুন্ঠি গ্রামের তালগাছ প্রেমী আমজাদ হোসেন বলেন, আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে এই গ্রামে বিভিন্ন মাঠের আইল ও রাস্তার পাশে দিয়ে আরো প্রচুর পরিমাণে তালগাছ এবং খেজুর গাছ ছিল। কিন্তু তার চার ভাগের এক ভাগও নেই। আমি নিজেও বেশ কিছু তাল গাছ লাগিয়েছি। আর তার বেশ কয়েকটা গাছে এ বছর প্রচুর পরিমাণ তাল ধরে ছিলছে। তাল খাওয়ার পাশাপাশি বেশ ভালো দামেই কিছু তাল বিক্রি করেছি।
মাগুরার প্রকৃতি ও বৃক্ষ প্রেমী আবু ইমাম বাকের জানান, আমরা প্রতিদিন যেভাবে বৃক্ষনিধন করছি সে পরিমাণ বৃক্ষরোপণ করছি না। তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো। গাছ জলবায়ুর পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে। দিনকে দিন যেভাবে তালগাছ ও খেজুরগাছ নিধন করা হচ্ছে। একদিন হয়তো এইসব গাছগুলো ইতিহাস হয়ে যাবে। আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের সবার উচিৎ বেশি বেশি করে বৃক্ষরোপণ করা।











































