স্টাফ রিপোর্টার।।
খুলনায় পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে খুলনা থানা পুলিশ নগরীর মাস্টারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুই যুবক হচ্ছে, নগরীর চানমারী তৃতীয় মাজার গলির মৃত জাহিদুল ইসলাম বুলুর ছেলে জনি মোল্লা (২০) ও চানমারী বাজারের মো. আবু সালেহ স্বপনের ছেলে মো. সাব্বির (২২)।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, রাত পৌঁনে ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ জানতে পারে, নগরীর মাস্টারপাড়া থেকে দুই যুবক মোটরসাইকেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে আসছে। এ সময় চানমারী বাজারের আশিক সুইটস নামের মিষ্টির দোকানের সামনে রাস্তায় চেকপোস্ট বসানো হয়। মোটরসাইকেলের যাত্রীদের চেক করার সময় জনি ও সাব্বির একটি মোটরসাইকেলে চেকপোস্টের সামনে পৌঁছায়। তখন তাদের শরীর তল্লাশি করে সচল একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি হাসান আল মামুন আরও জানান, গ্রেপ্তার জনি মোল্লার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে। এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।











































