আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরেই গ্রেপ্তার করা হয়। সেইদিনেই পিটিআই চেয়ারম্যানকে দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে পাঠানো হয়। কারাগারে ইমরানের নিরাপত্তা ও জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। আজ শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুশরা বিবি বলেছেন, অ্যাটক কারাগারে ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে। পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিবকে লেখা একটি চিঠিতে বুশরা বিবি জানান, আদালত তার স্বামীকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ।
তিনি বলেছেন, আমার স্বামীকে কোনো যুক্তি ছাড়াই অ্যাটক কারাগারে রাখা হয়েছে। আইন অনুসারে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা উচিৎ।
আজ এক চিঠিতে বুশরা বিবি পিটিআই প্রধানকে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে কারাগারে বি-শ্রেণির সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, ইমরান খানের জীবন এখনো ঝুঁকির মধ্যে, আশঙ্কা রয়েছে আমার স্বামীকে জেলে বিষ প্রয়োগ করা হবে। তার স্বামীকে যেন বাড়ির তৈরি খাবার দেওয়ার অনুমতি দেওয়া হয়- এ দাবিও করেছেন বুশরা।
এদিকে এর আগে ডনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানই দেশটির প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী যাকে ‘কুখ্যাত’ এ কারাগারে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলের একজন কর্মকর্তা ডনকে বলেছেন, ইমরান খানের জন্য একটি ভিভিআইপি জেল প্রস্তুত ছিল। এই সেলে কোনো এসির ব্যবস্থা নাই। কিন্তু একটি ফ্যান, বেড ও ওয়াশরুম আছে।
এর আগে ১৯৯৯ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অ্যাটক দুর্গে রাখা হয়। পরবর্তী সময়ে তাকে জেদ্দায় ১০ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়। অ্যাটক কারাগার এবং অ্যাটক দুর্গ একে অপরের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
অ্যাটক দুর্গ ১৫৮১ থেকে ১৫৮৩ সালে মোঘল সম্রাট আকবরের শাসনামলে খাজা শামসউদ্দিন খাওয়াফির তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী সিন্ধু নদীর তীরে দুর্গটি অবস্থিত।
অন্যদিকে অ্যাটক কারাগার ব্রিটিশ শাসনামলে ১৯০৫-০৬ সালে ৬৭ একর জমির ওপর নির্মিত। ব্রিটিশ শাসকরা সেইসময় বিদ্রোহীদের এখানে আটকে রাখত।
তবে এখন পাকিস্তানে এটি নিরাপত্তার কারাগার হিসেবে বিবেচনা করা হয়। এখানে দেশটির বিপজ্জনক বন্দীদের রাখা হয় বলে ডন জানিয়েছে। এখানে থাকা বন্দীদের মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিও আছে। ১৯৯৯ সালে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফকেও এই জেলে রাখা হয়েছিল।











































